বিপিএলের টাইটেল স্পন্সর ইস্পাহানি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হচ্ছে শুক্রবার থেকে। বুধবার বিকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গতবারের মতো এবারও ইস্পাহানি বিপিএলের পৃষ্ঠপোষকতা করছে। পাওয়ার্ড বাই হিসেবে এবার যুক্ত হয়েছে মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। বিপিএলের ১০ম আসরের নাম হচ্ছে ইস্পাহানি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পাওয়ার্ড বাই নগদ।

সহযোগী স্পন্সর হিসেবে থাকছে ওমেরা এলপিজি ও ইউসিআইসি ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস। এছাড়া এবারের বিপিএলের ব্রডকাস্ট পার্টনার হিসেবে আছে টি স্পোর্টস। শুধু টিভি নয়, টি স্পোর্টসের অ্যাপেও দেখা যাবে এবারের বিপিএলের সবগুলো ম্যাচ।

বুধবার বিকালে মিরপুরে স্পন্সরশিপ ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন ও বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। এছাড়াও স্পন্সরশিপ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। 

আগামী ১৯ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএল। সাত দলের অংশগ্রহণে এই আসরে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স ও দুর্দান্ত ঢাকা। 

উদ্বোধনী দিনে বেলা আড়াইটায় মুখোমুখি হবে কুমিল্লা ও ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় লড়বে সিলেট ও চট্টগ্রাম। এই একদিনই বেলা আড়াইটা ও সাড়ে ৭টায় ম্যাচ শুরু হবে। শুক্রবার প্রথম ম্যাচ শুরু বেলা ২টায়, পরের ম্যাচ সন্ধ্যা ৭টায়। বাকি দিনগুলোতে প্রথম ম্যাচ দেড়টায়, পরের ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়।