সাকিব আল হাসানের চোখের সমস্যা দীর্ঘদিন ধরে। জাতীয় সংসদ নির্বাচন শেষ করে এজন্য ডাক্তার দেখাতে লন্ডন গিয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার। ওখান থেকে ফিরে শুধু একবেলা অনুশীলন করে বিপিএলের প্রথম ম্যাচে আজ শনিবার মাঠে নামেন। একম্যাচ খেলেই আবার চোখের চিকিৎসা করাতে রবিবার দুপুর ১টায় সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তাতে করে বিপিএলের বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়া নিয়ে শঙ্কা ওঠা স্বাভাবিক।
সাকিবের সিঙ্গাপুরে যাওয়ার বিষয়ে জালাল ইউনুস বলেছেন, ‘চোখের চিকিৎসা করাতে সাকিব কাল সিঙ্গাপুর যাচ্ছে। যতদূর জানি চিকিৎসা করিয়েই ফিরে আসবে।’
তবে কি বিপিএলের বাকি ম্যাচগুলোতে সাকিবকে পাওয়া যাবে না! সব কিছুই ডাক্তারের পরামর্শের ওপর নির্ভর করছে বলে জালাল ইউনুস জানিয়েছেন, ‘ডাক্তার কী বলে, সেটার ওপর নির্ভর করছে সাকিবের খেলা। ডাক্তারের পরামর্শ মেনে তাকে চলতে হবে। সাকিব বিপিএল থেকে ছিটকে যাবে কি না এখনই বলা যাবে না।’
বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। টুর্নামেন্ট চলাকালে দুইবার চোখের ডাক্তারের কাছেও গিয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। বিপিএলের প্রস্তুতির মাঝে আবারও সমস্যায় পড়ার কারণে লন্ডনে যান বাঁহাতি এই অলরাউন্ডার। খুব বেশি উন্নতি না হওয়াতে ফের সিঙ্গাপুরে যাচ্ছেন তিনি।
সাকিবের চোখের সমস্যা নিয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন, ‘সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় উনি চোখের সমস্যা নিয়ে কয়েকদিন ধরে ভুগছেন। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। শেষ পর্যন্ত ডাক্তাররা ভালো বলতে পারবেন তার চোখ কোন পরিস্থিতিতে আছে।’