বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবার আগে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে ৪০ রানের ইনিংস খেলার পথে এই কীর্তি গড়েন বাঁহাতি ওপেনার। তিন হাজার রান ছুঁতে তামিমের প্রয়োজন ছিল ৩৫ রানের। আজ ফরচুন বরিশালের হয়ে ওপেনিংয়ে নেমেই তা করে ফেলেন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১১তম ওভারে নাসুম আহমেদের বলে সিঙ্গেল নিয়ে এই কীর্তি গড়েন তামিম। এর আগে টুর্নামেন্টে খেলা আর কোনও ব্যাটার এই ক্লাবে পৌঁছাতে পারেননি। তিন হাজার রানের দৌড়ে তামিমের পেছনেই আছেন মুশফিকুর রহিম। দুজনেই এবারের বিপিএলে খেলছেন বরিশালের হয়ে। সব মিলিয়ে ৯১ ম্যাচে তামিমের বর্তমান রান তিন হাজার ৫। ২টি সেঞ্চুরি ছাড়াও ২৫টি হাফ সেঞ্চুরি আছে বাঁহাতি এই ওপেনারের।
তামিমের পেছনেই আছেন মুশফিক। এই ম্যাচে নামার আগে ১১২ ম্যাচে তার ২ হাজার ৯০৮ রান ছিল। ৯২ রান পিছিয়ে থেকে আজ ব্যাটিংয়ে নেমেছিলেন মুশফিক। শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। আজ না পারলেও এই বিপিএলে তামিমকে নিশ্চিতভাবে ছুঁয়ে ফেলবেন আশা করা যায়। এই মুহূর্তে মুশফিকের রান ২ হাজার ৯৭৬।
বিপিএলে তামিম, মুশফিকের রানের লড়াইটা অবশ্য নতুন কিছু নয়। ২০১৬ আসরে প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রানের ঘরে ঢোকেন মুশফিক। এরপর একই মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ। তামিম ছিলেন এক হাজার রান ছোঁয়া তৃতীয় ব্যাটসম্যান। তবে ২০১৯ আসরে মুশফিককে পেছনে পেলে তামিম।
বিপিএলে সবচেয়ে বেশি রান করা তিন ব্যাটারদের তালিকাতে আছেন মাহমুদউল্লাহও। তার অবস্থান তিন নম্বরে। ২ হাজার ২৫৪ রান নিয়ে ইমরুল কায়েস চতুর্থ আর ২ হাজার ১৪৪ রান করে পঞ্চম স্থানে সাকিব আল হাসান।