পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক আর বিপিএলে খেলবেন না। ঢাকা পর্ব শেষে দুবাইয়ে ফিরে গেছেন তিনি। সেখান থেকে জানিয়ে দিয়েছেন, তিনি আর বাংলাদেশে ফিরছেন না। ফরচুন বরিশালের তারকার এই সিদ্ধান্তের পর খুলনা টাইগার্সের বিপক্ষে তার এক ওভারে তিন নো বল নিয়ে প্রশ্ন উঠেছে। স্পট ফিক্সিংয়ের গন্ধও পেয়েছেন অনেকে।
ওই ঘটনার পর হুট করে মালিকের চলে যাওয়া এবং আর খেলতে না চাওয়া- সব মিলিয়ে সন্দেহ জেগেছে, স্পট ফিক্সিংয়ের কারণেই আর সিলেট পর্বে ফেরেননি পাকিস্তানি অলরাউন্ডার। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
শুক্রবার দলের সোশ্যাল মিডিয়া পেজে মিজানুর ভিডিও পোস্টে বলেছেন, ‘গত কয়েকদিন ধরে শোয়েব মালিককে নিয়ে আমরা অনেক কিছু শুনেছি। এসব গুঞ্জনের প্রতিবাদ জানাই আমি। শোয়েব মালিক ভালো খেলোয়াড় এবং দলের জন্য তার সর্বোচ্চটা দিয়েছেন। তাই আমরা এই ইস্যু নিয়ে আর আলোচনা করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘টানা দুই ম্যাচ হারার পর আমরা আমাদের পরের ম্যাচগুলোতে মনোনিবেশ করতে চাই। পরের ম্যাচগুলো খেলে আমরা ফাইনালে পৌঁছাতে চাই।’
নো বল বিতর্কের পাশাপাশি গুঞ্জন উঠেছিল, মালিক বিপিএলের দ্বিতীয় পর্বে দুর্দান্ত ঢাকার হয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু বরিশাল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাঝপথে আরেক দলের কাছে পাকিস্তানি তারকাকে দিতে চাননি।
যদিও এই ইস্যু নিয়ে কোনও মন্তব্য করেননি মিজানুর। জানা গেছে, এই সিদ্ধান্তের কারণে আর বাংলাদেশে আসতে চাননি মালিক। তিন ম্যাচ খেলে ২৭ রান দিয়েছেন তিনি, নিয়েছেন একটি উইকেট।