ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের দানবীয় ব্যাটিং যেন এই তো কয়েকদিন আগেই দেখা গিয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে ৯১ রানে সাত উইকেট হারানোর পর ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন। ক্র্যাম্প নিয়েও সপাটে ব্যাট চালিয়েছেন, যেন ভিনগ্রহের প্রাণী ২২ গজে! এবার অ্যাডিলেডে সেই ম্যাক্সওয়েলকেই যেন দেখা গেলো।
না, ওয়ানডে বিশ্বকাপের ম্যাচটির মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় কোনও বিপদে পড়েনি অস্ট্রেলিয়া। তবে চার নম্বরে নেমে ম্যাক্সওয়েলের অকল্পনীয় ব্যাটিং তাণ্ডবে দেশের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে অজিরা। ৪ উইকেটে ২৪১ রান জমা পড়েছে তাদের স্কোরবোর্ডে।
৫০ বল খেলে ৯ চার ও ৭ ছয়ে টি-টোয়েন্টিতে নিজের পঞ্চম সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল। আবারও সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় ভারতের ওপেনার রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি। ৫৫ বলে ১২ চার ও ৮ ছয়ে ১২০ রানে অপরাজিত ছিলেন ম্যাক্সওয়েল। টিম ডেভিডের (৩১*) সঙ্গে তার জুটি অপরাজিত ৯৫ রানের। চার বা তার নিচের পজিশনে ব্যাটিং করে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন অজি ব্যাটার। ছয় নম্বরে নেমে ২০২০ সালে চেক রিপাবলিকের বিপক্ষে করা বেলজিয়ামের শাহেরিয়ার বাটের অপরাজিত ১২৫ রান এই তালিকায় প্রথমে।
প্রথম ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার এদিন ২২ রান করেছেন। অধিনায়ক মিচেল মার্শ ১২ বলে ২৯ রান করেন।