নিউজিল্যান্ডের জার্সিতে আবারও টি-টোয়েন্টি খেলায় ফিরতে যাচ্ছেন ট্রেন্ট বোল্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের শেষ দুটির স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শেষবার বোল্ট টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২২ সালের নভেম্বরে।
অকল্যান্ডে হতে যাওয়া দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে বোল্টকে টিম সাউদির স্থলাভিষিক্ত করা হবে। দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ওয়ার্কলোড বিবেচনায় সাউদিকে শুধু প্রথম টি-টোয়েন্টিতে খেলানো হবে।
বাঁহাতি বোল্ট বর্তমানে এমআই এমিরেটসের হয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি খেলছেন। তার দল নকআউটেও উঠেছে। এমিরেটস শনিবারের ফাইনালে উঠতে পারলে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ছয় দিন হাতে পাবেন। গত বছর নভেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে জাতীয় দলের জার্সি পরেননি তিনি।
২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। পায়ের ইনজুরির চিকিৎসা নিচ্ছেন ড্যারিল মিচেল। তার জায়গা নিয়েছেন জশ ক্লার্কসন। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের এই অলরাউন্ডার তিনটি ওয়ানডে খেললেও টি-টোয়েন্টিতে নতুন মুখ। পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন কেন উইলিয়ামসন। তারও খেলা হচ্ছে না।
নির্বাচক স্যাম ওয়েলস বলেছেন, ‘এই ধরনের একটি বড় সিরিজে আপনার দুজন সেরা খেলোয়াড়কে না পাওয়া কখনোই আদর্শ নয়। কিন্তু যারা আছে তাদের ওপরও অনেক আস্থা আছে আমাদের। জশ ও রাচিন দুজনেই এই মৌসুমে আমাদের সাদা বলের স্কোয়াডে ছিল। এই সুযোগ পাওয়া তাদের জন্য সত্যিই রোমাঞ্চকর।’
আঙুলের ইনজুরিতে মাইকেল ব্রেসওয়েল নেই। বিপিএলে ব্যস্ত থাকায় জিমি নিশামও জায়গা করে নিতে পারেননি।
স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট (২য় ও ৩য় ম্যাচ), মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), লকি ফার্গুসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট (উইকেটকিপার), ইশ সোধি, টিম সাউদি (১ম ম্যাচ)।