মায়ের অসুস্থতায় রাজকোট টেস্টে খেলছেন না অশ্বিন 

শুক্রবার নবম ক্রিকেটার হিসেবে ৫০০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তার কয়েক ঘণ্টা পরই সতীর্থদের জানিয়েছেন, রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টে আর খেলতে পারবেন না তিনি। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ হিসেবে পরিবারের মেডিকেল ইমার্জেন্সির কথা উল্লেখ করেছে বিসিসিআই। 

অশ্বিনের এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ, ‘টেস্ট স্কোয়াড থেকে অশ্বিন নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। পরিবারের মেডিকেল ইমার্জেন্সির কারণে এখন থেকেই সেটা কার্যকর।’

বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত জানানো না হলেও বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, অশ্বিনের মা গুরুতর অসুস্থ। মায়ের পাশে থাকতেই টেস্ট না খেলে চেন্নাই গেছেন তিনি। 

বোর্ড বিস্তারিত না বললেও এই সময়ে অশ্বিন ও পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করেছে। 

চলমান টেস্টে ব্যাট-বলে দারুণ অবদান ছিল অশ্বিনের। ৯৮তম টেস্টে ব্যাট হাতে ৩৭ রান করেছেন। অষ্টম উইকেটে অভিষিক্ত ধ্রুব জুরেলের সঙ্গে গড়েছেন ৭৭ রানের জুটি। তাতে প্রথম ইনিংসে রাজকোটে ৪৪৫ রানের সংগ্রহ পায় ভারতীয়রা।