বিপিএলের অভিষেক রাঙিয়ে মায়ার্সের স্মৃতিতে সেই ২১০

ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি করে কীর্তি গড়েন কাইল মায়ার্স। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে চট্টগ্রাম টেস্টের নাটাই ছিলো তার হাতেই। তার রেকর্ড গড়া অপরাজিত ২১০ রানের ইনিংসের ওপর ভর করে ওই টেস্টটি জিতে নেয় সফরকারীরা। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেক হলো, যে ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়ে তিনি ফিরে গেলেন ৩ বছর আগে।

নিজের অনুভূতির কথা জানিয়ে ক্যারিবিয়ান এই অলরাউন্ডার বলেছেন, 'এখানে বেশ দারুণ স্মৃতি আছে আমার। সর্বশেষ যখন এখানে খেলেছিলাম, তখন আমি অভিষেকেই ডাবল সেঞ্চুরি করেছিলাম। ফলে এখানে ফিরে আসার বিষয়টি দারুণ। ফিরতে পেরে আমি বেশ আনন্দিত।'

বিপিএলের সময়ই আইএল টি-টোয়েন্টি চলছে। কদিন আগেই শেষ হয়েছে এসএ টোয়েন্টি। শনিবার থেকেই মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর। সবকিছু বাদ দিয়ে বিপিএল বেছে নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন মায়ার্স, ‘এখানে আসার অনেক কারণ রয়েছে। একটি কারণ হলো ম্যাচ খেলার সুযোগ। ৬ সপ্তাহে ওতো বেশি ম্যাচ ছিল না আমার, ২টি ম্যাচ ছিল মনে হয়। ফলে এখানে এসে ম্যাচ খেলে আমি আমার দক্ষতা দেখাতে পারছি।'

নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই সাফল্য পেয়েছেন মায়ার্স। চট্টগ্রামে নেমে যখন অনুশীলন করেছেন, তখন থেকেই তার মাথায় ২১০ রানের ইনিংস ছিল। এটাই তাকে প্রেরণা যুগিয়েছে, ‘যখন আমি অনুশীলনে, আমার ভিন্ন কিছু মনে হয়েছে। এখানে আমার অনেক ভালো কিছু স্মৃতি রয়েছে। আমার কাছে মনে হয়েছে নেটে আমার সেরা একটি সেশন ছিল। এর আগে যখন অনুশীলন করি আমার কাছে সঠিক মনে হয়নি। কিন্তু গতকাল সবকিছুই দারুণ হয়েছে, এটা আমাকে সাহায্য করেছে।’