নিগারদের অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা

আইসিসি ইভেন্টেই কেবল দেখা হয়েছিল অস্ট্রেলিয়া ও বাংলাদেশের নারী ক্রিকেটারদের। প্রথমবার হতে যাচ্ছে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ। ঐতিহাসিক এই লড়াইয়ের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সাদা বলের এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হবে। ওয়ানডে সিরিজ ২০২২-২৫ আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

আগামী ১৭ মার্চ ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়ান দল। ওয়ানডে হবে ২১, ২৪ ও ২৭ মার্চ। তারপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি ওভারের বিশ্বকাপ আয়োজনের আগে এই সিরিজ হতে যাচ্ছে বাংলাদেশের প্রস্তুতির উপলক্ষ্য। ৩১ মার্চ, ২ ও ৪ এপ্রিল হবে টি-টোয়েন্টি সিরিজ। ৫ এপ্রিল দেশে ফিরে যাবে অস্ট্রেলিয়া দল।

সবগুলো ম্যাচই হবে মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সূচি ঘোষণার দিন অ্যালিসা হিলিকে দুই ফরম্যাটে অধিনায়ক করে দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।