ইংলিশ দলটিকে নেতৃত্ব দিয়ে প্রথম বিশ্বকাপ জিততে অবদান রেখেছেন ইয়ন মরগান। মাঠের বাইরে এবার আরও বড় দায়িত্ব পেয়েছেন তিনি। পেশাদার ক্রিকেটারদের সংগঠন প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) সভাপতি নিযুক্ত হয়েছেন।
ইংল্যান্ডের হয়ে ২০১৯ বিশ্বকাপ জেতা মরগান অবসরে গেছেন ২০২২ সালে। পিসিএ-তে শার্লট অ্যাডওয়ার্ডসের স্থলাভিষিক্ত হচ্ছেন। মরগান সংগঠনটির ১০তম প্রেসিডেন্ট।
অধিনায়ক থাকার সময় টিম ইংল্যান্ডের প্লেয়ার পার্টনারশিপ ম্যানেজমেন্ট বোর্ডে বসতেন। নতুন দায়িত্ব পেয়ে নিজেকে গর্বিত বোধও করছেন, ‘১৯ বছর ধরে পিসিএ সদস্য থাকার পর মর্যাদাপূর্ণ সুযোগটি প্রদান করায় আমি কৃতজ্ঞ ও সম্মানিতবোধ করছি। যেহেতু ক্রিকেটীয় পরিবেশ ক্রমাগত পরিবর্তনশীল। তাই পিসিএর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। আমি প্রফেশনাল ক্রিকেটার্স ট্রাস্টে কাজ করতে মুখিয়ে আছি। যে সংগঠনটি সব সময় আমার হৃদয়ের কাছের। তাই আশা করছি খেলাটাকে যেন কিছু ফিরিয়ে দিতে পারি।’