নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। ৮৯ রানে পড়ে যায় ৪ উইকেট। সেখান থেকে তাদের উদ্ধার করেছে ক্যামেরন গ্রিনের অপরাজিত সেঞ্চুরি। তার ব্যাটে ৯ উইকেটে ২৭৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে সফরকারী দল।
বেসিন রিজার্ভে শুরুতে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া বিপদে পড়েছিল। তার পর মিচেল মার্শের সহায়তায় উদ্ধার অভিযানে নামেন গ্রিন। এই জুটিতে যোগ হয় ৬৭ রান। মার্শ ৪০ রানে আউট হলে ভাঙে জুটি। তার পর আরও কয়েকটি জুটি গড়ে দলেকে এগিয়ে নিতে থাকেন তিনি। ২৪ বছর বয়সী গ্রিন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান শেষ ওভারে গিয়ে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন ১০৩ রানে। তার সঙ্গে থাকা জশ হ্যাজেলউড এখনও রানের খাতা খুলেননি।
সবুজ পিজে স্মিভেন স্মিথ, উসমান খাজা ও মার্শের গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিয়েছেন ম্যাট হেনরি। ৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ওয়ার্নার চলে যাওয়ায় ওপেনিংয়ে ব্যাট করতে নামা স্মিথকে ৩১ রানে লাঞ্চের আগে ফিরিয়েছেন হেনরি। বিরতির পর তুলে নেন খাজার (৩৩) উইকেট। তার পর মার্শ ও নাথান লায়নের উইকেটও নিয়েছেন কিউই এই পেসার। স্কট কুগলেইন নিয়েছেন মার্নাস লাবুশেন (১) ও অ্যালেক্স ক্যারির (১০) উইকেট।
ব্ল্যাক ক্যাপসদের উদীয়মান তারকা উইল ও’রুর্কও নিয়েছেন দুটি। তিনি ট্রাভিস হেড (১) ও মিচেল স্টার্ককে (৯) সাজঘরে ফিরিয়েছেন। অধিনায়ক প্যাট কামিন্সের উইকেট নিয়েছেন রাচিন রবীন্দ্র।