‘ম্যাথুজকে কেউ হেলমেট পরে থাকতে বলুন, পরের ব্যাটার তিনি’

গত বছর ওয়ানডে বিশ্বকাপে অন্যরকম এক ঘটনার সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব। প্রথমবার কোনও ব্যাটারকে টাইমড আউট হতে দেখা গিয়েছিল। অ্যাঞ্জেলো ম্যাথুজ নির্ধারিত সময়ে ক্রিজে ঢুকতে না পারায় সাকিব আল হাসানের দাবির মুখে তাকে আউট দেন আম্পায়ার। ওই ঘটনা বেশ আলোচনার জন্ম দেয়। দুই দেশের ক্রিকেট সম্পর্কে তৈরি হয় নতুন উত্তেজনা, যা এখনও চর্চা হচ্ছে।

গত নভেম্বরের ওই ম্যাচের পর আবার মুখোমুখি দুই দল। সেখানেও এক ক্রিকেট সমর্থক বিষয়টি নিয়ে ঠাট্টা করতে ভুললেন না। তিন ব্যাটার আউট হওয়ার পর সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালাঙ্কা ক্রিজে আসেন। এক সমর্থক তখনই সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ম্যাথুজকে কেউ হেলমেট পরে থাকতে বলুন। ক্রিজে নামতে যাওয়া পরের ব্যাটার কিন্তু তিনি।’ 

নিয়ম অনুযায়ী নতুন ব্যাটার হিসেবে ২ মিনিটের মধ্যে প্রথম বলের মুখোমুখি হতে হয়। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ম্যাথুজ সময়ের বিষয়টি মাথায় রাখেননি। 

সাদিরা আউট হওয়ার পর ম্যাথুজ মাঠে ঢুকেছিলেন। কিন্তু পিচে ঢুকে হেলমেট বদলাতে গিয়ে নষ্ট করেন সময়। কারণ তার হেলমেটের স্ট্র্যাপটি ভাঙা ছিল। ওই সময় তার বিরুদ্ধে টাইমড আউটের আবেদন করে বাংলাদেশ। ম্যাথুজকে আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার মারাইস এরাসমাস ও রিচার্ড ইলিংওর্থ। ম্যাথুজ অবশ্য ওই পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন সাকিব আল হাসানকে। তাতেও সাড়া পাননি তিনি। 

ওই সময় সাকিব বোলিংয়ের জন্য প্রস্তুত ছিলেন। ফিল্ডাররাও অবস্থান নিয়েছিলেন যার যার। তখন কমপক্ষে পাঁচ মিনিটের মতো সময় নষ্ট হয়েছে।