স্নিকো বিতর্ক: আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সৌম্য সরকারের আউট দেওয়ার পর নটআউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার দুই দিন পরও ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্নিকো বিতর্ক ফিরে এলো। আগের দিন দলের সহকারী কোচ নাভিদ নওয়াজ জানিয়েছিলেন, আইসিসির কাছে তারা এ ব্যাপারে অভিযোগ করবেন। রবিবার দলের ম্যানেজার মাহিন্দা হালানগোদা জানিয়েছেন, আইসিসির কাছে তারা অভিযোগ করেছেন। এখন বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে বিনুরা ফার্নান্দোর শট লেংথের বল সৌম্য পুল করতে চেয়েছিলেন। কিন্তু ব্যাট-বলে সংযোগ হয়নি। বল চলে যায় উইকেট কিপার কুশল মেন্ডিসের হাতে। লঙ্কানদের কট বিহাইন্ডের জোরালো আবেদনে আম্পায়ার গাজী সোহেল আউট দেন। সঙ্গে সঙ্গে রিভিউ নেন সৌম্য। আল্ট্রা-এজে দেখা গেছে স্পাইক। আউট ভেবে ড্রেসিংরুমের কাছাকাছি চলে যান বাংলাদেশি ওপেনার। তবে টিভি আম্পায়ার মাসুদুর রহমান স্পাইকের সময় বল ও ব্যাটের মধ্যে সূক্ষ্ম দূরত্ব থাকায়, তিনি নট আউট দেন সৌম্যকে।

আজ শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লঙ্কান দলের ম্যানেজার মাহিন্দা হালানগোদা বলেছেন, ‘এটা এখন অতীত হয় গেছে, এই প্রসঙ্গে কথা না বলে আমাদের সামনে এগোতে হবে। নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচের পরই আম্পায়ারদের ব্যাপারে একটি প্রতিবেদন পাঠাতে হয়। আমরা পাঠিয়েছি। সেটা এখন আইসিসি দেখবে। হয়তো সময় লাগবে। এটা এখন আইসিসির হাতে। আমরা শুধু ধাপগুলো অনুসরণ করেছি। তবে আমি নিশ্চিত তারা (আইসিসি) যা ঘটেছে, তা পর্যালোচনা করবে এবং এ ব্যাপারে ব্যবস্থা নেবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ৫টি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। যার কোনোটাতেই জিততে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। সর্বোচ্চ সাফল্য ২০১৭ সালে ১-১ এ সিরিজ ড্র। বাংলাদেশ সিরিজ জিতে ইতিহাস গড়তে চাইলেও লঙ্কানরা সেই সুযোগ দিতে চায় না। সংবাদ সম্মেলনে আসা লঙ্কান ব্যাটিং কোচ থিলিনা কানদাম্বি বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী সিরিজ জিততে পারবো। আমাদের ছেলেরা সেরাটা খেলতে মুখিয়ে আছে।’

অলিখিত ফাইনালের আগে শ্রীলঙ্কার শক্তি বৃদ্ধি পাচ্ছে। শেষ ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচের আগে সিলেটে কঠোর অনুশীলন করেছে লঙ্কান পুরো দল। সিরিজের দ্বিতীয় ম্যাচ হারলেও বাংলাদেশের সাথে দারুণ ক্রিকেট খেলছে তারা। দলটির ব্যাটিং কোচ থিলিনা জানিয়েছেন, হাসারাঙ্গা যুক্ত হওয়াতে দলের কম্বিনেশন দারুণ হয়েছে। তিনি বলেন, ‘আমি মনে করি ওয়ানিন্দু দলে ফেরায় আমাদের জন্য খুব ভালো হয়েছে। দলের শক্তির পাশাপাশি মনোবলও বৃদ্ধি পাবে। তার অন্তর্ভুক্তি আমাদের দলের ব্যাটিং ও বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে। সে গত এক মাস ধরে ভালো ছন্দে আছে। এখানে ভালো করার ব্যাপারে সে আত্মবিশ্বাসী।’

আগের দুটি ম্যাচ কৃত্রিম আলোতে গড়ালেও কালকের ম্যাচটি শুরু হবে দিনের আলোতে। লঙ্কান এই কোচ মনে করেন আগের ম্যাচগুলোতে শিশির প্রভাব ফেললেও কালকের ম্যাচে দুই দলের জন্যই সমান সুবিধা, ‘রাতের খেলায় শিশির সমস্যা করে। শিশিরের কারণে উইকেট পরিবর্তন হয়ে যায়। তবে আমার মনে হয় দিনের খেলায় উভয় পক্ষের জন্যই সমান সুবিধা থাকবে।’