প্রথম ওয়ানডেতে ২৫৬ রানের লক্ষ্য ছুঁড়ে বাংলাদেশকে শুরুতেই কাঁপিয়ে দিয়েছিল লঙ্কান বোলাররা। ৯২ রানে তুলে নিয়েছিল ৪ উইকেট! তার পর বোলারদের বিপদে ফেলেছিল শিশির! বল ভিজে যাওয়ায় সফরকারীদের বল করতে সংগ্রাম করতে হয়েছে। চট্টগ্রামে যে এতটা শিশির পড়বে- সেটা আশা করেনি শ্রীলঙ্কা।
ম্যাচের শেষ দিকে আউটফিল্ডও সিক্ত হয়ে পড়েছিল। ১৬ ওভারের পর কোনও উইকেট নিতে পারেনি সফরকারী দল। সার্বিক অবস্থার মূল্যায়ন করতে গিয়ে শ্রীলঙ্কান অলরাউন্ডার জানিথ লিয়ানাগে ম্যাচের পর বলেছেন, ‘৯২ রানে ৪ উইকেট নিয়ে আমরা নিয়ন্ত্রণেই ছিলাম। তখন জয়ের আশা করছিলাম আমরা। কিন্তু যখন শিশির পড়তে শুরু করলো, বোলারদের জন্য বল গ্রিপ করা কঠিন হয়ে পড়লো। তবে তাদের ব্যাটিংয়ের প্রশংসা করতেই হবে।’
টস জিতে শুরুতে ব্যাটিং করেছে লঙ্কান দল। সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে। জবাবে ৪ উইকেট হারিয়ে ৩২ বল হাতে রেখেই সেই রান তাড়া করেছে বাংলাদেশ। পঞ্চম উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটিতেই স্বাগতিকরা জয়ের বন্দরে নোঙর ফেলেছে। শান্ত অপরাজিত ছিলেন ১২২ রানে, মুশফিক খেলেছেন ৭৩ রানের অপরাজিত ইনিংস। ব্যাটারদের কৃতিত্ব দিয়ে লিয়ানাগে বলেছেন, ‘বাংলাদেশের ব্যাটারদের কৃতিত্ব দিতেই হবে। শান্ত অত্যন্ত ভালো ব্যাটিং করেছে। মুশফিক ভাইও দারুণ খেলেছেন।’
সিলেটে টি-টোয়েন্টি সিরিজেও শিশির প্রভাব ফেলেছিল। তার পরেও চট্টগ্রামে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কান দল। এর জবাবে লিয়ানাগে বলেছেন, ‘আসলে আমরা আশা করিনি এখানে এত বেশি শিশির পড়বে। এই কারণেই শুরুতে ব্যাটিং নিয়েছি।’