আবার পাকিস্তানের সাদা বলের অধিনায়ক বাবর

পাকিস্তানের সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগের চার মাস পর আবারও অধিনায়ক হলেন বাবর আজম। রবিবার এই ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত বছর ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান নকআউট পর্বে উঠতে পারেনি। সেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সরে দাঁড়ান বাবর। 

পেস তারকা শাহীন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয়। টেস্ট দলের অধিনায়ক হন শান মাসুদ।

এক্স-এ পিসিবি এক বিবৃতি দিয়েছে, ‘পিসিবির নির্বাচক কমিটির সর্বসম্মত সুপারিশে চেয়ারম্যান মহসিন নাকভি বাবর আজমকে পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের সাদা বলের অধিনায়ক নিযুক্ত করেছেন।’

শাহীনের অধীনে পাকিস্তান এই বছরের শুরুতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে ৪-১ এ হেরে যায়।

বাবরের নতুন অধ্যায় শুরু হবে আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষ পাঁচ টি-টোয়েন্টির সিরিজ দিয়ে। এছাড়া ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গেও সিরিজ খেলবে পাকিস্তান। জুনে বিশ্বকাপে তাকে দিতে হবে কঠিন পরীক্ষা।