ওপেনার অ্যালিসা হিলি (৬৫*) ও বেথ মুনির (৫৫*) অপরাজিত ১২৭ রানের জুটিতে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে পাত্তা দিলো না অস্ট্রেলিয়ার মেয়েরা। রবিবার মিরপুরে তিন ম্যাচের সিরিজ তারা শুরু করেছে ১০ উইকেটে জিতে।
হিলি তার ৪২ বলের ইনিংসে এক ছয় ও ৯ চার মারেন। মুনি ৩৬ বল খেলে ৯টি চার মেরেছিলেন। ১৩ ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
সাত বোলারকে দিয়ে বল করিয়েও কোনও সাফল্য পাননি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
ব্যাট হাতে বাংলাদেশের জার্সিতে সাফল্য পান নিগার। তার ৬৪ বলে ৬৩ রানের ইনিংসে স্বাগতিকরা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান করে। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এটা বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। ফাহিমা খাতুন করেন ২৭ রান, মুর্শিদা খাতুনের ব্যাটে আসে ২০ রান।