এই বছরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বেন স্টোকস। গ্রীষ্মকালীন টেস্ট সূচির কথা মাথা রেখে ফিটনেসে মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইসিবি বিবৃতিতে জানিয়েছে, আপাতত স্টোকসের মূল লক্ষ্যই হচ্ছে অলরাউন্ডার হিসেবে বোলিংয়ে শতভাগ ফিট হওয়া। যাতে করে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা টেস্ট সিরিজে সেভাবে ফিরতে পারেন।
গত নভেম্বরে হাঁটুর সমস্যায় সার্জারির মধ্য দিয়ে যেতে হয় তাকে। যে কারণে নিয়মিত বোলিংটা করতে পারেননি। বিবৃতিতে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বলেছেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি। ক্রিকেটের সব ফরম্যাটে অলরাউন্ডার হিসেবে মূল ভূমিকা পালন করতে বোলিং ফিটনেস ফিরে পেতে কাজ করছি। আইপিএল ও বিশ্বকাপ বাদ দিয়ে যে ত্যাগ স্বীকার করেছি। তাতে আশা করছি, ভবিষ্যতে যে অলরাউন্ডার হিসেবে নিজেকে দেখতে চাচ্ছি সেটা হতে পারবো।’
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে জুনে।