জাতীয় দলের ডাকে আইপিএলের মিশন শেষ হলো মোস্তাফিজুর রহমানের। বুধবার চেন্নাইয়ের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন বাঁহাতি পেসার। নিজে ভালো করলেও মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস জিততে পারেনি। প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। আগে ব্যাটিং করে ১৬৩ রান সংগ্রহ করে চেন্নাই। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে ১৩ বল আগেই ৩ উইকেট হারিয়ে পাঞ্জাব জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে।
চেন্নাইয়ে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে পারেনি স্বাগতিকরা। রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে পাঞ্জাবকে কোনওরকমে ১৬৩ রানের লক্ষ্য দিতে পারে চেন্নাই। জবাবে প্রভসিমরন সিংকে শুরুতে হারালেও পাঞ্জাবের সমস্যা হয়নি। জনি বেয়ারস্টো ও রাইলি রুশো মিলে গড়েন ৩৭ বলে ৬৪ রানের জুটি। ৩০ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হন বেয়ারস্টো। ইংলিশ এই ব্যাটারের মতো রুশোও হাফ সেঞ্চুরি বঞ্চিত হন। ২৩ বলে ৪৩ রান করে বিদায় নেন তিনি। পরে শশাঙ্ক সিং ও স্যাম কারানের অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি দলকে ১৩ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে। শশাঙ্ক ২৫ ও কারান ২৬ রানে অপরাজিত ছিলেন।
চেন্নাইয়ের হয়ে বাংলাদেশের মোস্তাফিজ সবচেয়ে কিপটে বোলিং করেছেন। কোন উইকেট না পেলেও বাহাতি এই পেসার ৪ ওভারে এক মেডেন নিয়ে ২২ রান খরচ করেছেন। শার্দুল ঠাকুর, রিচার্ড গ্লিসন ও শিবম দুবে একটি করে উইকেট নিয়েছেন।
টস হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই ওপেনিং জুটিতে ৬৪ রান তুলে ভালো কিছুর বার্তা দিয়েছিল। আজিঙ্কা রাহানে ব্যক্তিগত ২৯ রান করে আউট হলে জুটি ভাঙে তাদের। এরপর দ্রুত শিবম দুবে (০) ও রবীন্দ্র জাদেজার (২) বিদায়ে ছন্দ হারায় তারা। ঠিক এই অবস্থায় চতুর্থ উইকেটে সামের রিজভীকে সঙ্গে নিয়ে রুতুরাজ প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু ৩৪ বলে ৩৭ রানের জুটি গড়ে আউট হয়ে যান রিজভী।
একপ্রান্ত আগলে রেখে রুতুরাজ পরের লড়াইটা চালিয়েছেন মঈন আলীকে নিয়ে। তবে ৩৮ রানের জুটির পর সাজঘরে ফেরেন রুতুরাজ। আউট হওয়ার আগে ৪৮ বলে ৫ চার ও ২ ছক্কায় খেলেছেন ৬২ রানের ইনিংস। পরে মঈনের ১৫ ও মহেন্দ্র সিং ধোনির ১৪ রানের উপর দাঁড়িয়েই চেন্নাই ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করায়।
পাঞ্জাবের বোলারদের মধ্যে হারপ্রীত ব্রার ও রাহুল চাহার সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন।
এই জয়ে পয়েন্ট নিয়ে পাঞ্জাব পয়েন্ট টেবিলের সাত নম্বরে উঠে এসেছে। ১০ ম্যাচে ৪ জয়ে পাঞ্জাবের পয়েন্ট এখন ৮। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চেন্নাইয়ের অবস্থান চার নম্বরে। ৯ ম্যাচে ১১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রাজস্থান রয়্যালস।