বিশ্বকাপে খেলতে শহীদ আফ্রিদিদের ভারতে আসার কথা বুধবার রাতে। কলকাতাতেই প্রথম পা রাখার কথা তাদের। এর আগে সোমবার বিকেলে ধর্মশালায় আসেন দুই পাকিস্তানি প্রতিনিধি।
তাদের দলের জন্য নিরাপত্তা ব্যবস্থা কতটা কড়া, তা খতিয়ে দেখতেই এ দিন চলে আসেন পাক সরকারের গোয়েন্দা বিভাগের কর্তা উসমান আনোয়ার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা আজম খান। দিল্লি থেকে পাকিস্তানি হাই কমিশনের এক কর্তাও তাদের সঙ্গে যোগ দেন। তাদের রিপোর্টের ওপরই নির্ভর করছে পাকিস্তান ক্রিকেট দলের ভারতে আসার সম্ভাবনা। কিন্তু হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ এই প্রতিনিধি দলকে জানিয়ে দিয়েছেন, তারা পাক দলকে যথেষ্ট নিরাপত্তা দিতে পারবেন না। মঙ্গলবার এই দুই পাক প্রতিনিধি দিল্লিতে যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে তারা থাকবেন। এরপরই তারা পাকিস্তান সরকারকে নিজেদের রিপোর্ট জমা দেবেন।
/এফআইআর/