বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ কোচকে নিলো পিএনজি

পাপুয়া নিউগিনি (পিএনজি) এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় কিছু করার আশায়। ইস্ট এশিয়া প্যাসিফিক কোয়ালিফায়ার খেলে এবারের ইভেন্টে অংশ নিতে যাওয়া দলটি তাদের কোচিং টিমে যুক্ত করলো অভিজ্ঞ ফিল সিমন্সকে।

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো সিমন্সকে নেওয়া হয়েছে বিস্তর অভিজ্ঞতার কারণে। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টুর্নামেন্টের জন্য ‘স্পেশালিস্ট কোচ’ হিসেবে নিযুক্ত করা হয়েছে তাকে। 

ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে সিমন্সের দ্বিতীয় মেয়াদ শেষ হয়েছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর। তারপর থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে সময় দিয়েছেন তিনি। ত্রিনবাগো নাইট রাইডার্স, এলএ নাইট রাইডার্স ও করাচি কিংসের ডাগআউটে ছিলেন। 

স্পেশালিস্ট কোচ হিসেবে সিমন্স সহযোগিতা করবেন প্রধান কোচ ও সাবেক জিম্বাবুয়ে উইকেট কিপার টাটেন্ডা টাইবুকে। 

পোর্ট মোরেসবি থেকে চার দিনের ভ্রমণ শেষে গত সপ্তাহে সেন্ট কিটসে পা রাখে পিএনজি। ওমান ও নামিবিয়ার বিপক্ষে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ম্যাচ খেলার আগে বেশ কিছু আনঅফিসিয়াল ম্যাচ খেলবে তারা।

আসাদ ভালার নেতৃত্বে ‘সি’ গ্রুপে পাপুয়া নিউগিনির বিশ্বকাপ শুরু হবে ২ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। চার দিন পর গায়ানার একই ভেন্যুতে তারা খেলবে উগান্ডার বিপক্ষে। ১৪ ও ১৭ জুন ত্রিনিদাদে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান ও নিউজিল্যান্ড।

২০২১ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে জয়হীন ছিল পাপুয়া নিউগিনি।