এখন পর্যন্ত একটি আসরই গড়িয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। কিন্তু অফিশিয়াল টি-টোয়েন্টি লিগের স্বীকৃতি এর ছিল না। দ্বিতীয় আসরের আগে টুর্নামেন্টটিকে লিস্ট ‘এ’ স্ট্যাটাসের স্বীকৃতি দিয়েছে আইসিসি। ফলে এটি এখন থেকে স্বীকৃত টি-টোয়েন্টি লিগের মর্যাদা পাবে।
ঐতিহাসিক এই ঘোষণায় সহযোগী দেশের বোর্ড পরিচালিত দ্বিতীয় লিগ হিসেবে এটি লিস্ট ‘এ’ ক্যাটাগরিভুক্ত হতে যাচ্ছে। তাদের আগে এই বছর লিস্ট ‘এ’ ক্যাটাগরিতে নাম লিখিয়েছে আরেক সহযোগী সদস্য আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি।
স্বীকৃতি মেলায় এমএলসির যাবতীয় রেকর্ডেরও এখন আনুষ্ঠানিক স্বীকৃতি মিলবে।
এমএলসির দ্বিতীয় আসর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পর- ৫ জুলাই। লিস্ট ‘এ’ স্ট্যাটাস পাওয়ার সঙ্গে সঙ্গে এখন টুর্নামেন্টটি দল বাড়ানোরও চিন্তা ভাবনা করছে। যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করতেই এমন উদ্যোগ। বর্তমানে দল রয়েছে ৬টি। আগামী কয়েক বছরে সেটি ১০ দলে বাড়ানোর পরিকল্পনা। তাতে বাড়বে ম্যাচের সংখ্যাও। ২০২৩ সালের আসরে ১৯টি ম্যাচ হয়েছে। আগামী বছর ৩৪-এ উন্নীত করতে চায় আয়োজকরা। এই মৌসুমের জন্য ম্যাচ থাকছে ২৫টি।
বর্তমান ৬টি দলের চারটিই আবার আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স, কেকেআর, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন।