অল্পের জন্য অঘটন এড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটনের সুযোগ হাতে পেয়েও সেটা হাত ফসকে গেছে পাপুয়া নিউ গিনির (পিএনজি)। কষ্ট করে ১৩৬ রান করার পর ১৬ ওভারে ৯৭ রানে ওয়েষ্ট ইন্ডিজের ৫ উইকেট তারা তুলে নিয়েছিল। তখন স্বপ্ন দেখা শুরু করলেও সেটা চূর্ণ-বিচূর্ণ হয়েছে রোস্টন চেজের বিস্ফোরক ব্যাটিং আর আন্দ্রে রাসেলের কল্যাণে।
স্বাগতিক ক্যারিবীয়দের বিপক্ষে এভাবে প্রতিরোধ গড়ার পর আক্ষেপ ঝড়েছে পাপুয়া নিউ গিনি অধিনায়ক আসাদ ভালার, ‘আমার মনে হয় গুরুত্বপূর্ণ মুহূর্ত সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। ওদের শেষ দিকে ব্যাটার আছে, যেটা আমাদের নেই। শেষ দিকে কিছু রান করার সুযোগ আমরা হাতছাড়া করেছি। তবে ওয়েস্ট ইন্ডিজকে কৃতিত্ব দিতে হবে। তাদের অনেক অভিজ্ঞতা। আমরা ভালো খেলেছি। নিজেদের দক্ষতা সঠিকভাবেই প্রয়োগ করতে পেরেছি।’
৩৪ রানে ৩ উইকেট পতনের পর পিএনজির ইনিংসের মেরামত চলে সেসে বাউর ৪৩ বলে ৫০ রানের অবদানে। শেষ দিকে তার পর আরও কিছু রান যোগ করেন কিপলিন ডোরিগা। ১৮ বলে ২৭ রান করেন তিনি। পিএনজির সবচেয়ে বিধ্বংসী ও সর্বোচ্চ রান সংগ্রাহক টনি ওরা। এই ব্যাটার আগে-ভাগে বিদায় নিলে ভালাও ২১ রানে ফিরে যান দুর্দান্ত এক ক্যাচে। তার পর এই ম্যাচে তাদের চ্যালেঞ্জ জানাতে সহায়তা করেছে বাউর প্রতিরোধ। সার্বিক পারফরম্যান্সে দলের জন্য ভীষণ গর্ব হচ্ছে ভালার, ‘চাপে পড়ে যাওয়ার পর শেষটা ঠিকমতো করতে পারিনি। তবে সার্বিকভাবে আমাদের নৈপুণ্যে খুশি। যে পুঁজিটা চেয়েছি, সেটা হয়তো পাইনি। তবে শেষ পর্যন্ত লড়াই করেছি, তাতে ভীষণ সন্তুষ্ট।’