‘প্রথমবার খেলে পাকিস্তানকে হারানো বিশাল অর্জন’

প্রথম কোনও টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশকে পরাস্ত করেছিল যুক্তরাষ্ট্র। সেটা দ্বিপাক্ষিক সিরিজে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে। সেটা যে কোনও অঘটন ছিল না, তার প্রমাণ মিললো বিশ্বকাপে তাদের অনবদ্য পারফরম্যান্সে। কানাডার প্রায় দুইশ রানের ছুড়ে দেওয়া লক্ষ্য পূরণ করেছিল রেকর্ড ওলটপালট করে। এবার পাকিস্তানকে হারালো তারা।

সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে টানা দুটি ম্যাচ জিতলো যুক্তরাষ্ট্র। আগের ম্যাচের নায়ক অ্যারন জোন্স শেষ দিকে আগ্রাসী ব্যাটিং করে সমতা ফেরাতে অবদান রাখলেও মোনাঙ্ক প্যাটেল শক্ত ভিত গড়ে দেন। অধিনায়ক ৩৮ বলে করেন ৫০ রান। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

পাকিস্তানকে হারানোর আনন্দ তার চোখমুখ ঠিকরে বের হচ্ছিল। ম্যাচ শেষে মোনাঙ্ক বললেন, ‘এটা বিশাল অর্জন- পাকিস্তানকে হারানো, তাও আবার প্রথমবার খেলতে নেমে। পরিপূর্ণ পারফরম্যান্স। আমরা কন্ডিশনের ব্যবহার ভালোভাবে করেছি। ওদের ১৬০ রানের মধ্যে আটকে দিয়েছি, যেটা তাড়া করার মতো ছিল। আমি অবদান রাখতে পেরে খুশি, আরও খুশি জিততে পেরে।’

ব্যাটিংয়ে কী পরিকল্পনা ছিল জানালেন এই উইকেটকিপার ব্যাটার, ‘পরিকল্পনা ছিল প্রথম তিন ব্যাটারের মধ্যে বড় জুটি হবে। গাওস দারুণ সব শট খেলে চাপ উড়িয়ে দিয়েছে। একজন খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে আপনি বড় মঞ্চে আপনার প্রতিভা দেখাতে চাইবেন। জেতার জন্য রান করতে চেয়েছিলাম।’