টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

ভারতের অধিনায়ক রোহিত শর্মা টসের কয়েন ছুড়লেন। পাকিস্তান অধিনায়ক বাবর আজম জিতলেন এই যাত্রায় আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পাকিস্তানের একাদশে একটি পরিবর্তন। আজম খানের জায়গায় এসেছেন ইমাদ ওয়াসিম। আয়ারল্যান্ডকে হারানো একাদশ নিয়েই খেলবে ভারত।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ আমির।

বৃষ্টিতে ভারত-পাকিস্তান ম্যাচের টস হতে দেরি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। কিন্তু নিউ ইয়র্কে এই প্রতিদ্বন্দ্বিতায় চোখ রাঙাচ্ছিল বৃষ্টির আশঙ্কা। ম্যাচ শুরুর আগেই নেমেছে বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে পিচ কাভারে ঢাকা।

তবে পাকিস্তানের খেলোয়াড়রা অনুশীলন করছেন। মাঠে আছেন ভারতের খেলোয়াড়রা। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট ক্রিস গেইল সাদা জ্যাকেট পরে মাঠে নেমেছেন, তাতে অটোগ্রাফ দিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলা শুরু হওয়ার কথা। কিন্তু নিয়ম অনুযায়ী আধঘণ্টা আগে টস হয়নি। আম্পায়াররা মাঠ পরিদর্শন করে সময় নির্ধারণ করেছেন। টস হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়, আধঘণ্টা পর শুরু হবে খেলা।

দুই দলের আত্মবিশ্বাস কিন্তু সমান পর্যায়ে নেই। ভারত আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করেছে। বিপরীতে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে অপ্রত্যাশিত হারে চলে গেছে ব্যাকফুটে। সাম্প্রতিক ফর্মের কথা এলেও পাকিস্তান খুব ভালো অবস্থায় নেই। তার ওপর মুখোমুখি লড়াইয়েও সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের পাল্লা ভারি। ১২ ম্যাচে ভারতের জয় ৯টি। পাকিস্তানের মাত্র ৩টি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই অবস্থা। ৭ ম্যাচে ভারত জিতেছে ৬টি, পাকিস্তান ১টি!