ত্রিনিদাদ বিমানবন্দরে ছয় ঘণ্টা আটকে থাকলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে লজিস্টিক চ্যালেঞ্জের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল দলগুলো। সবশেষ বার্বাডোজে গ্র্যান্টলি অ্যাডামস বিমানবন্দরে একটি ছোট ব্যক্তিগত বিমানের অবতরণে সমস্যার কারণে ত্রিনিদাদ বিমানবন্দরে আটকা পড়তে হলো দক্ষিণ আফ্রিকার দলকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে বার্বাডোজ়ে। প্রথমবার ফাইনালে উঠে ত্রিনিদাদ থেকে সেখানে যাওয়ার সময় এই বিপাকে পড়েন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা। শুধু তারাই নয়, তাদের পরিবারও আটকা ছিলেন ছয় ঘণ্টার মতো, সঙ্গে ছিলেন ম্যাচ রেফারি, আম্পায়ারেরাও। বিমান ছাড়তে দেরি হওয়ায় সবাই টার্মিনালে অপেক্ষা করতে থাকেন। নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পরে বার্বাজোডে পৌঁছান সবাই।

জানা যায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালের আগে ভালোভাবে ঘুমাতে পারেনি আফগানিস্তান ক্রিকেট দল। বিমান সমস্যায় ৪ ঘণ্টা দেরি হয়েছিল তাদের।

এ বারের বিশ্বকাপে এর আগেও বিমানবিভ্রাট হয়েছে। আফগানিস্তান ছাড়াও শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডকে ফ্লোরিডা থেকে নিউইয়র্ক যাওয়ার সময় সারা রাত বিমানবন্দরে বসে থাকতে হয়েছিল।