এই বছর পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার ২০২৪-২৫ মৌসুমের ঘরের মাঠে হতে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেটের সূচি প্রকাশ করেছে। সেখানেই দেখা গেছে, বাংলাদেশ দুটি টেস্ট খেলতে আগস্টে পাকিস্তানে যাবে।
আগামী ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট। ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর শেষ ম্যাচ করাচিতে।
বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত করার জন্য পিসিবিকে ধন্যবাদ জানাই। এই সিরিজ আমাদের জন্য হবে গুরুত্বপূর্ণ পরীক্ষা। একই সঙ্গে এই ফরম্যাটে আমাদের উন্নতি দেখানোর সুযোগও থাকবে।’
এছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। আগামী বছর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হবে ৫০ ওভারের ত্রিদেশীয় সিরিজ।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়া নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। রাজনৈতিক বৈরিতার কারণে ভারত দেশটিতে যাবে কি না তা এখনও শঙ্কার সুতোতেই ঝুলছে।