কোটা সংস্কার আন্দোলন নিয়ে পুরো দেশ এখন উত্তাল। গত দুই দিনে সহিংসতার ঘটনায় ৬ জনের প্রাণহানি ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরব হয়েছেন ক্রিকেটাররা। এবার তাতে যোগ দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীও।
ফেসবুকে করা পোস্টে মুশফিক সহিংসতার নিন্দা জানিয়ে বলেছেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই-বোনদের ওপর আর কোনও সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি।’
এ সময় সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে মুশফিক আরও লিখেছেন, ‘যে কোন উপায়ে হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক। সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।’
চলমান ঘটনা নিয়ে নুরুল হাসান সোহান, তানজিদ হাসান তামিম ও নাঈম শেখও ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। সোহান লিখেছেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না, শান্তি চাই।’
তানজিদ তামিম লিখেছেন, ‘টেকনাফ থেকে তেতুলিয়া কোন রাজপথ আর আমার ভাই-বোনের রক্তে রঞ্জিত না হোক। সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায় রেখে সব কিছুর সমাধান হোক।’
নাঈম শেখ লিখেছেন, ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল সবুজের পতাকা আমার ভাই-বোনদের রক্তে আর রক্তিম না হোক। যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন হোক, তারুণ্য তার প্রাণ ও উদ্যম ফিরে পাক।’
ফেসবুকে মুশফিকের পোস্ট