বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতলো ভারত

শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেভাগেই নিশ্চিত করে ফেললো ভারত। বৃষ্টি আইনে ৮ ওভারে ৭৮ রানের টার্গেটে নেমে ৯ বল হাতে রেখেই ৭ উইকেটে দ্বিতীয় ম্যাচ জিতেছে তারা।

বৃষ্টি বিলম্বিত ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় ভারত। শ্রীলঙ্কা কোনও বাধা ছাড়াই ২০ ওভারের ইনিংস শেষ করে। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৪ রান করা দলটি ৯ ব্যাটারকে হারিয়ে ১৬১ রানে থামে।

পাথুম নিসাঙ্কাকে (৩২) নিয়ে কুশল পেরেরা প্রতিরোধ গড়েন ৫৪ রানের জুটি গড়ে। ১৫ ওভার শেষে ২ উইকেটে ১৩০ রান করা শ্রীলঙ্কা হঠাৎ ছন্দ হারায়। ১৬তম ওভারে ৫০ রানের জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া জোড়া আঘাত করে। কামিন্দু মেন্ডিস (২৬) ও কুশলকে (৫৩) ফেরান ভারতীয় পেসার। পরের ওভারে রবি বিষ্ণয় জোড়া উইকেট নেন। শেষ ওভারেও জোড়া আঘাত করেন অক্ষর প্যাটেল।

বিষ্ণয় ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান আর্শদীপ সিং, অক্ষর ও হার্দিক।

ভারত তিন বল খেলতেই নামে বৃষ্টি। ঘণ্টাখানেক পর ভারতের ইনিংস শুরু হয় কাট অফ ওভারে। প্রথম ৬ বলে যশস্বী জয়সওয়াল ১২ রান তোলেন। গোল্ডেন ডাক মারেন সাঞ্জু স্যামসন। 

সূর্যকুমার যাদবকে নিয়ে জয়সওয়াল বিধ্বংসী ব্যাটিং করেন। পঞ্চম ওভারে এই জুটি ভাঙে দলগত ৫১ রানে। ১২ বলে ২৬ রান করে ফেরেন সূর্যকুমার। 

জয়সওয়াল ১৫ বলে ৩০ রান করে থামেন। তারপর হার্দিক ৯ বলে অপরাজিত ২২ রান করে দলকে জেতান। অন্য প্রান্তে ২ রানে অপরাজিত ছিলেন রিশাভ পান্ত।

৬.৩ ওভারে ৩ উইকেটে ৮১ রান করে ভারত। মঙ্গলবার হবে সিরিজের শেষ ম্যাচ।