প্রথমবার শ্রীলঙ্কার ওয়ানডে দলে মাদুশকা

বৃষ্টিতে শ্রীলঙ্কা ও ভারতের শেষ টি-টোয়েন্টি বিলম্বিত হচ্ছে। মঙ্গলবার ম্যাচটি শুরু হওয়ার আগেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে লঙ্কানরা। প্রথমবার একদিনের ক্রিকেটের দলে ডাক পেয়েছেন ওপেনিং ব্যাটার নিশান মাদুশকা।

গত বছর এপ্রিলে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাদুশকার অভিষেক হয়। এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ৪২ গড়ে রান করে সাদা বলের ক্যারিয়ার মজবুত করেছেন তিনি। ২৪ বছর বয়সী এই ব্যাটার গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়া প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরি বানিয়ে অভিজাত তালিকায় নাম লেখান।

অবশ্য ভারতের বিপক্ষে একাদশে মাদুশকার জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস থাকায় ব্যাকআপ ওপেনার হিসেবেই থাকতে হবে তাকে।

চারিথ আসালাঙ্কার নেতৃত্বে ১৬ জনের এই দলে একমাত্র নবাগত খেলোয়াড় মাদুশকা। এছাড়া বাংলাদেশে আগের ওয়ানডে সিরিজ খেলা দল থেকে কিছুটা পরিবর্তন এনেছে লঙ্কানরা।

ফিটনেস ইস্যুতে বাংলাদেশ সিরিজ মিস করা পেসার মাথিশা পাথিরানা প্রত্যাশিতভাবে দলে। নুয়ান থুশারা ও দুষ্মন্ত চামিরা ভারত টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও বাইরে থাকছেন। প্রমোদ মাদুশান বাদ পড়েছেন। সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে সম্ভাবনাময়ী পারফর্ম করে ডাক পেয়েছেন আসিথা ফার্নান্ডো।

ওয়ানডে দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কুশর মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, নিশান মাদুশকা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্ডো, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা, আকিলা ধনাঞ্জয়া, দুনিথ ভেল্লালাগে।