টানা দুই উইকেট হারিয়ে অলআউট ভারত, শ্রীলঙ্কার অবিশ্বাস্য টাই 

হাতে দুই উইকেট, বল বাকি ১৬টি। জিততে প্রয়োজন মাত্র ৫ রান। শিবম দুবে লং অফ দিয়ে শক্তিশালী শটে বাউন্ডারি হাঁকালেন। স্কোরে সমতা, ভারতের কোচ গৌতম গম্ভীর ও তারকা বিরাট কোহলির মুখে তখন বিজয়ের আগাম ছাপ। কিন্তু পরের দুই বলে যা হলো, তা বিশ্বাস হওয়ার মতো নয়। শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা টানা দুই বলে উইকেট তুলে নিলেন, অলআউট ভারত। ১ রান নিতে পারলো না তারা। অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে প্রথম ওয়ানডে টাই করলো শ্রীলঙ্কা। ম্যাচে ছিল না সুপার ওভার।

কদিন আগে পাল্লেকেলেতে বিস্ময় জাগিয়ে জেতা ম্যাচ হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। সহজ জয়ের পথে থাকলেও ভারতের খণ্ডকালীন বোলারদের নৈপুণ্যে  ২০ ওভারে ম্যাচ টাই হয়। সুপার ওভারে হেরে যায় লঙ্কানরা।

কলম্বোতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৩০ রান করে শ্রীলঙ্কা। ১০১ রানে ৫ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় তারা। এই বিপদের মাঝে টপ অর্ডারে পাথুম নিসাঙ্কা ৫৬ রানের ইনিংস খেলেন। তারপর ৬৫ বলে ইনিংস সেরা ৬৭ রানে অপরাজিত থেকে দুনিথ ভেল্লালাগে হাল ধরেছিলেন। 

শ্রীলঙ্কার হয়ে জানিথ লিয়ানাগে (২০) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২৪) ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ভারতের পক্ষে আর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন। কুলদীপ যাদব এক উইকেট নিলেও মিতব্যয়ী ছিলেন, ১০ ওভারে ৩৩ রান দেন তিনি। অক্ষরও সমান রান খরচ করেন।

লক্ষ্যে নেমে অধিনায়ক রোহিত শর্মা আগ্রাসী ছিলেন। পাওয়ার প্লের ১০ ওভারে ৭১ রান তোলে ভারত, কোনও উইকেট না হারিয়ে। শুবমান গিলকে (১৬) দলীয় ৭৫ রানে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন ভেল্লালাগে। নিজের পরের ওভারে রোহিতকেও থামান। ৪৭ বলে ৭ চার ও ৩ ছয়ে ৫৮ রান করেন ভারতীয় ওপেনার।

এরপর নিয়মিত বিরতিতে আরও কয়েকটি উইকেট হারায় ভারত। ১৩২ রানে পাঁচ উইকেট হারানোর পর লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল ৬৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন।

অক্ষরকে (৩৩) থামিয়ে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। হাসারাঙ্গা ফেরান তাকে। এই স্পিনারের সঙ্গে আসালাঙ্কা দারুণ নৈপুণ্য দেখান। যদিও দুবে ছিলেন ভারতের আস্থার প্রাচীর হয়ে।

৪৮তম ওভারে আসালাঙ্কা বল হাতে নেন, যখন জয় থেকে ভারত ৫ রান দূরে। প্রথম দুই বলে ডট দেওয়ার পর দুবের কাছে চার খেয়েও হাল ছাড়েননি। চতুর্থ বলে তার বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করলেও আম্পায়ার ছিলেন অনড়। রিভিউ নিয়ে সফল হয় স্বাগতিকরা। দুবে ২৫ রান করে প্যাভিলিয়নে। শেষ ব্যাটার হয়ে ক্রিজে নামেন আর্শদীপ। আবারও বল তার প্যাডে লাগলে এলবিডব্লিউর জোরালো আবেদন। এবার আম্পায়ার আঙুল তুলে দেন। ৪৭.৫ ওভারে ২৩০ রানে অলআউট অতিথিরা।

১৪৯তম ওয়ানডেতে এসে আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টাইয়ের দেখা পাওয়া গেলো। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেলো না কেউই।

শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নেন হাসারাঙ্গা ও আসালাঙ্কা। তবে হাফ সেঞ্চুরির পাশাপাশি ২ উইকেট নিয়ে ম্যাচসেরা ভেল্লালাগে।