পাকিস্তান শাহিনস উড়িয়ে দিলো বাংলাদেশ এইচপিকে

অস্ট্রেলিয়াতে ওয়ানডে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার পাকিস্তান শাহিনসের কাছে ৮ উইকেটে হেরেছে আফিফ হোসেনের দল। আগে ব্যাটিং করে মাত্র ৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শাহিনস।

টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই তানজিদ হাসান তামিমকে (৪) হারায় এইচপি। পরের ওভারে জিসান আলম রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে পারভেজ হোসেন ও আফিফ হোসেন ১৯ রানের জুটি গড়েন। আফিফ ৫ রানে আউট হলে জুটি ভাঙে তাদের। এরপর ৭ রানের মধ্যে আকবর আলী (১) এবং পারভেজ (১৯) আউট হন। ৩০ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯ রানের ইনিংস খেলে আউট হন পারভেজ। যা দলের সর্বোচ্চ সংগ্রহ।

এরপর মিডল অর্ডারে মাহফিজুর রহমান (১২), শামীম হোসেন (১৩) ও লেট অর্ডারে আবু হায়দার রনির (১০) ইনিংসে দাঁড়িয়ে কোনোরকমে ৭৮ রানের সংগ্রহ দাঁড় করায়।

পাকিস্তান শাহিনসের বোলারদের মধ্যে সর্বোচ্চ মোহাম্মদ ইমরান জুনিয়র তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া খুররাম শাহজাদ, জুনদাদ খান ও মুবাশ্বির খান প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

৭৯  রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি শাহিনসের। এরপর আরও একটি উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ৮ উইকেট হাতে রেখে ১৭ ওভারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তানের দলটি। উসমান খাজা ৩৯ ও তাইয়াব তাহির ১৭ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি উইকেটই নেন রিপন মন্ডল।