ছাত্র-জনতার আন্দোলনের মুখে গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শেখ হাসিনা। সোমবার গোপনে দেশ ছেড়েছেন তিনি। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অপেক্ষা। সরকার বদলের প্রভাব পড়েছে দেশের ক্রিকেট অঙ্গনেও। ‘এ’ দলের পাকিস্তান সফর পেছানো হয়েছে। আগস্টের শেষ দিকে পাকিস্তানে বাংলাদেশ দলের দুটি টেস্ট খেলার কথা। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিরিজ অনিশ্চয়তার মুখে।
আগামী ২১ ও ৩০ আগস্ট রাওয়ালপিন্ডি ও করাচিতে দুটি ম্যাচ হওয়ার কথা। কিন্তু দেশের এই অনিশ্চিত পরিস্থিতির কারণে জাতীয় দলের পাকিস্তানে যাওয়া কঠিন মনে করা হচ্ছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র এই পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে জানিয়েছেন, সিরিজ সময়মতো মাঠে গড়ানোর জন্য পিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আগেভাগেই তাদের টেস্ট দলকে পাঠানোর প্রস্তাব দিয়েছে।
তিনি বলেছেন, ‘পিসিবি এমনকি তাদের খেলোয়াড়দের অতিরিক্ত কয়েক দিন রেখে দেওয়ার প্রস্তাব দিয়েছে। টেস্ট ম্যাচের আগে রাওয়ালপিন্ডিতে তাদের সব ধরনের ট্রেনিং সুবিধাদি দেওয়া হবে। কিন্তু তারা এখনও সাড়া দেয়নি।’
পিসিবির ওই সূত্রমতে, বিসিবির সঙ্গে যোগাযোগ রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে তাদের বোর্ড। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হচ্ছে। তিনি বলেন, ‘বিসিবি প্রেসিডেন্টও (নাজমুল হাসান পাপন) দেশ ছাড়ছেন বলে শোনা যাচ্ছে। সহজ কথায় বোর্ড স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না।’