বিষণ্নতায় ক্রিকেট থেকে দুই মাসের ছুটি চেয়েছেন সাইফউদ্দিন

দুই মাসের জন্য কোনও ধরনের ক্রিকেটে না রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ২৭ বছর বয়ষী অলরাউন্ডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে খেলতে না পারায় বিষণ্নতায় ভুগছেন বলে বোর্ডকে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের দ্বিতীয় ম্যাচ ও তিনটি ওয়ানডের জন্য নির্বাচিত হওয়ার পর এই অনুরোধ করলেন সাইফউদ্দিন। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে তার খেলার কথা থাকলেও চলমান রাজনৈতিক সংকটের কারণে সময়মতো ভিসা পাননি তিনি।

এই সিরিজগুলো খেলতে আগামী ১০ আগস্ট পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার কথা ‘এ’ দলের। কানাডায় লিগ খেলার জন্য ৮ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্রও সাইফউদ্দিনকে দিয়েছিল বোর্ড।

বিসিবির এক কর্মকর্তার মাধ্যমে ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দলে তানজিম হাসান সাকিবের কাছে জায়গা হারানোর পর অনাপত্তিপত্র পেয়েও কানাডায় যেতে না পারায় চরমভাবে হতাশ হয়ে পড়েন সাইফউদ্দিন।

নির্বাচক প্যানেলের একজন সদস্য ভারতীয় গণমাধ্যমকে জানান, ‘সে আমাকে ৩০ জুলাই একটি ইমেইল পাঠায়, এ টিম ঘোষণার পর। গ্লোবাল টি-টোয়েন্টি ও শেষ বিশ্বকাপে খেলতে না পারায় মানসিকভাবে হতাশা প্রকাশ করে। আগামী দুই মাসের জন্য তাকে যেন কোনও ধরনের ক্রিকেটের জন্য নির্বাচন না করা হয়, সেই অনুরোধ করেছিল। তার অনুরোধ ইতিবাচকভাবে দেখা হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি বলেছি, ব্যাপারটা বিবেচনাধীন। আমরা তাকে জানিয়েছি সে যখন ঢাকায় ফিরবে, আমরা বুঝতে চাইবো তার কী সমস্যা হচ্ছে।’

গত ২৬ জুলাই পাঁজরে চোট পান সাইফউদ্দিন। তাতে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে তার অংশগ্রহণ জটিল হয়ে পড়ে। বিসিবি মেডিক্যাল কমিটির এক সদস্য নিশ্চিত করেছেন, ইনজুরির কারণে লিগ থেকে ছিটকে যান এই অলরাউন্ডার। এই ধরনের ব্যথা নিয়ে লম্বা ফ্লাইট তার জন্য ঝুঁকির হয়ে যেতো।