অস্ট্রেলিয়ায় সিরিজের প্রথম ম্যাচে এইচপির কাছে পাত্তাই পেলো না মেলবোর্ন রেনেগেডস। আগে ব্যাটিং করে ১৭০ রান তুলেছে বাংলাদেশের হাইপারফরম্যান্স ইউনিট। এরপর রিপন মন্ডলের পেস আর রাকিবুল হাসানের ঘূর্ণিতে কাবু হয়ে মেলবোর্ন রেনেগেডস ৯৩ রানে গুটিয়ে গেছে। তাতে ৭৭ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে আকবর আলীর দল।
রবিবার ডারউইনে টপ অ্যান্ড সিরিজ টি-টোয়েন্টিতে বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে আগে ব্যাটিং পেয়ে পারভেজের ফিফটিতে ১৭০ রান করে এইচপি। ৪৮ বলে ৭ চার, ২ ছক্কায় ৬৯ রান করেন বাঁহাতি পারভেজ। পারভেজ ছাড়া কেউ বড় ইনিংস খেলতে না পারলেও সবাই দ্রুত রান তুলেছেন। পারভেজের হাফ সেঞ্চুরির পর শামীম হোসেনের ২৫ বলে ২৫, আকবর আলীর ১৮ বলে ২১, তানজিদ হাসান তামিমের ৯ বলে ১৭ রানের ওপর দাঁড়িয়ে এইচপি ১৭০ রান সংগ্রহ করে।
রেনেগেডসের সেরা বোলার ম্যাট হেনিগ। ৪ ওভার ২৬ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া টাইলার পিয়ারসন নেন দুটি উইকেট।
১৭১ রানের জবাবে খেলতে নেমে সতর্ক শুরু করা মেলবোর্ন পথ হারায় দ্রুতই। হ্যারি ডিক্সনকে বোল্ড করে প্রথম উইকেট নেন আবু হায়দারই। বিপিএল খেলা জশুয়া ব্রাউনকে আউট করে দ্বিতীয় শিকার ধরেন রাকিবুল। বিশেষ করে রিপনের বোলিং তোপের সামনে যেন দাঁড়াতেই পারেননি রেনেগেডসের ব্যাটসমানরা। ২০ রানের ইনিংসও পাননি কেউ। দলটির হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন জশ ব্রাউন। ১৮ রান করেন মার্কাস হ্যারিস। ব্যাটিং ব্যর্থতায় ১৬তম ওভারে রেনেগেডস ৯৩ রানে অলআউট হয়ে যায়।
রিপন ৩ ওভার বল ঘুরিয়ে মাত্র ১২ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। এছাড়া রাকিবুলও ২১ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আলিস আল ইসলাম ও আবু হায়দায় রনি।