দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঠিকমতো অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। এই কারণে নির্ধারিত সময়ের ৫ দিন আগেই পাকিস্তান সফরে গেলো বাংলাদেশ দল। নিজেদের মাঠে প্রস্তুতির ঘাটতি পাকিস্তানে পুষিয়ে নিতেই ক্রিকেটারদের আগে ভাগে পাঠানো হচ্ছে। এই সফরে বাংলাদেশ দল দুটি টেস্ট খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।
সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে সাড়ে তিনটার ফ্লাইটে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। কালকের দিন বিশ্রাম নিয়ে অনুশীলনে নেমে পড়বে পুরো দল। ১৪, ১৫ ও ১৬ আগস্ট গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলনের সূচি আপাতত করা আছে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশের হাতে আরও চারটি সময় থাকবে। সবমিলিয়ে প্রস্তুতির জন্য যথেষ্ট সময়ই পাচ্ছে তারা।
রবিবার রাতে পাকিস্তান সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৩ মাস পর টেস্ট খেলতে নামছেন তাসকিন আহমেদ। নিজেই জানিয়েছিলেন টেস্ট খেলবেন না। পরবর্তীতে আবার টেস্ট খেলার আগ্রহের কথা জানালে তাসকিনকে স্কোয়াডে রাখা হয়নি। যদিও প্রথম টেস্টের জন্য তিনি বিবেচিত হবেন না। তিনি ‘এ’ দলের হয়ে দ্বিতীয় চারদিনের ম্যাচ খেলবেন। ওই ম্যাচ খেলেই দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত হবেন। এদিকে, ১৬ সদস্যের মধ্যে ১৪জন আজকে দেশ ছেড়েছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পেসার শরিফুল ইসলাম আগামীকাল দেশ ছাড়বেন বলে বিসিবি সূত্রে জানা গেছে।
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। এরপর করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ৩০ আগস্ট। এই টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।