ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজে ‘সহকারী কোচ’ স্টোকস!

দ্য হান্ড্রেডে খেলার সময় পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটে গ্রীষ্মের বাকি অংশে আর খেলতে পারবেন না বেন স্টোকস। আসন্ন শ্রীলঙ্কা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের অধিনায়ক। তবে দলের সঙ্গে ঠিকই থাকবেন তিনি, তাও আবার কোচ হিসেবে!

ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড জানিয়েছেন, শ্রীলঙ্কা সিরিজে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে যোগ দেবেন স্টোকস। অধিনায়ক তাকে খুদে বার্তায় এই তথ্য দিয়েছেন।

দ্য হান্ড্রেডে স্টোকসের খেলার সিদ্ধান্তে সম্মতি জানিয়ে পিএ নিউজ এজেন্সিকে ব্রড বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলার পর সরাসরি শ্রীলঙ্কা টেস্টে খেলা কঠিন হতো এই অলরাউন্ডারের। ব্রড এরপরই জানালেন, ‘সে এরই মধ্যে খুদে বার্তায় আমাকে বলেছে, সে কোচ হতে যাচ্ছে। জানি না বাজ (ব্রেন্ডন ম্যাককালাম) কী করতে যাচ্ছে!’