টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারলো না বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি)। রবিবার বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩২ রানের ব্যবধানে হেরেছে তারা। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে অ্যাডিলেড। জবাবে বাংলাদেশের দল নির্ধারিত ওভারের এক বল আগেই ১৩৭ রানে অলআউট হয়েছে। ব্যাট ও বল হাতে পারফর্ম করে অ্যাডিলেডকে জেতানোর নায়ক টম ও’কনেল।
কঠিন লক্ষ্যে খেলতে নেমে শুরুটা একেবারে খারাপ করেননি বাংলাদেশের দুই ওপনার। ৪.৪ ওভারে তুলে ফেলে ৩২ রান। কিন্তু পঞ্চম ওভারের পঞ্চম বলে জিসান আলম (১৮) ফিরতেই ধাক্কা খায় এইচপি। পরবর্তীতে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম ১৫ রানের জুটি গড়েন। ইমন ৬ বলে ৩ রান করে আউট হন। আগ্রাসী খেলতে থাকা জুনিয়র তামিম এবার আফিফ হোসেনকে ধ্রুবকে নিয়ে দলকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দারুণ খেলতে থাকা তামিম ২৯ বলে ৩৫ রান করে হুট করেই আউট হয়ে গেছেন।
তামিমের আউটের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি এইচপি। শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি (২১), রাকিবুল হাসান (১২) ও রিপন মন্ডলের (১১) ব্যাটে কেবল হারের ব্যাবধানই কমাতে পেরেছে এইচিপ। শেষ পর্যন্ত ইনিংসের ১ বল বাকি থাকতে ১৩৭ রানে অলআউট হয় এইচপি।
অ্যাডিলেডের বোলারদের মধ্যে জর্ডান বাকিংহাম, লয়েড পোপ, নোয়া ম্যাকফাইডেন, লিয়াম স্কট ও টম ও’কনেলে প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই রানআউট হয়ে সাজঘরে ফিরে যান ওপেনার জ্যাক উইন্টার। ৮ বলে ৪ রান করেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে হ্যারি ম্যাথিয়াস এবং টম ও’কনেলের ৫৯ রানের জুটিতে প্রতিরোধ গড়ে অ্যাডিলেড। হ্যারি একপ্রান্ত আগলে ২৩ বলে ১৯ রানের ধীরগতির ইনিংস খেলে আউট হন।
বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে উঠেছিলেন টম। তৃতীয় উইকেটে লিয়াম স্কটের সাথে ১৯ রানের জুটি করে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হন তিনি। ৩৩ বলে ৫ চার ও ২ ছক্কায় দলের সর্বোচ্চ ৫৩ রান আসে টমের ব্যাট থেকে। টমের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে ঝড় তোলেন লিয়াম কট। তার ১৮ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসের পর রায়ান কিং ও স্যাম রাহালের ব্যাটে অ্যাডিলেড ১৬৯ রান সংগ্রহ করে। রায়ান ১৯ বলে ৩৫ এবং স্যাম ১৩ বলে ২০ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশ এইচপির হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রিপন মন্ডল। এছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন আফিফ হোসেন, রকিবুল হাসান এবং মাহফুজুর রহমান রাব্বি।