ভারতের সঙ্গে ১০ বছরের হিসাব বাকি: লায়ন

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ অস্ট্রেলিয়ার এই প্রজন্ম এখনও পায়নি। ২০১৪-১৫ মৌসুমে ২-০ তে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিল তারা, তারপর থেকে সিরিজ হেরেই চলেছে। অজি পেসার জশ হ্যাজেলউড বললেন, ‘এই দলে অনেক খেলোয়াড় আছে যারা কখনও টেস্ট সিরিজে ভারতকে হারাতে পারেনি। এটা খুবই আশ্চর্যজনক।’ পরবর্তী ভারত-অস্ট্রেলিয়া সিরিজ হবে আরও তিন মাস পর। কিন্তু এখনই কোমর বেঁধে নেমে পড়েছেন তাদের তারকা স্পিনার নাথান লায়ন। ভারতের সঙ্গে এক দশকের হিসাব চুকাতে চান তিনি।

এই ১০ বছরে দুইবার ঘরের মাঠে ভারতের কাছে হারতে হয়েছে তাদের। সেই ছবি এবার বদলাতে চান লায়ন। রোহিত শর্মাদের হারাতে ‘শত্রুর’ সাহায্য নিচ্ছেন অস্ট্রেলিয়ার স্পিনার। লায়ন এখন খেলেন কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারে, তার সতীর্থ ইংল্যান্ডের স্পিনার টম হার্টলি। চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই স্পিনারের কাছেই ভারতকে কাবু করার কৌশল শিখছেন লায়ন। ভারত সফরে দারুণ বোলিং করেছেন হার্টলি, তাই তার কাছেই পরামর্শ নিয়েছেন অজি স্পিনার।

সংবাদমাধ্যমে লায়ন বলেন, ‘১০ বছরের হিসাব নেওয়া বাকি। অনেক বছর হয়ে গেছে। আমি জানি এবার বিশেষ করে ঘরের মাঠে চিত্রটা পাল্টাতে আমরা উন্মুখ হয়ে আছি।’

লায়ন আরও বলেন, ‘আমাকে ভুল বুঝবেন না। ভারত সত্যিই সুপারস্টার দল। তারা খুবই চ্যালেঞ্জিং। কিন্তু আমি ছবি পাল্টাতে মরিয়া এবং ট্রফিখরা কাটানো নিশ্চিত করতে চাই। হার্টলির সঙ্গে অনেক কথা হয়েছে। ওর পরামর্শ কাজে লাগানোর চেষ্টা করবো।’

গত দুইবারের তুলনায় এবার অস্ট্রেলিয়ার দলে বেশ কিছু বদল হতে পারে। তাই এবার তারা অন্য রকমের ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন দলের অভিজ্ঞ স্পিনার, ‘মনে হচ্ছে গত দুইবারের চেয়ে এবার ভিন্ন দল আমাদের। আমরা সেরা অস্ট্রেলিয়ান ক্রিকেট দল হওয়ার পথে আছি। এখনও হতে পারিনি। কিন্তু আমরা সেই পথে আছি, ভালো কিছু ক্রিকেট খেলছি।

 ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ় শুরু। ১৯৯২ সালের পর প্রথমবার এই সিরিজে পাঁচ টেস্ট খেলা হবে।