কিলিয়ান এমবাপ্পের বহু প্রতীক্ষিত লা লিগা অভিষেক হলো রবিবার। যদিও সেটা স্মরণীয় হতে দেয়নি মায়োর্কা। রিয়াল মাদ্রিদকে লিগ ওপেনারে ১-১ গোলে তারা রুখে দিয়েছে।
এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, ভিনিসিয়ুস জুনিয়রদের নিয়ে গড়া তারকায় ঠাসা দলটির শুরুটা ভালোই ছিল। গোলও পেয়ে যায় মাত্র ১৩ মিনিটে। স্বদেশী ভিনির ব্যাক হিল থেকে জাল কাঁপান আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। বিপরীতে প্রতি আক্রমণ থেকে ভালো জবাব দিতে থাকে মায়োর্কা। একেবারে ছেড়ে কথা বলেনি। তাতে নখদন্তহীন দশায় কঠিন পরিস্থিতির মুখে পড়ে লস ব্লাঙ্কোস। বল দখলে আধিপত্য থাকলেও সম্মুখে তাদের বেগে পেতে হচ্ছিল।
মায়োর্কার রক্ষণে এমবাপ্পে, বেলিংহ্যামকে খুঁজেই পাওয়া যায়নি। একমাত্র কার্যকর অস্ত্র ছিলেন শুধু ভিনিসিয়ুস। যদিও সময় যত গড়িয়েছে সন ময়েক্স স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের বিরুদ্ধ আচরণ ভিনির মেজাজ হারাতে ভূমিকা রেখেছে! এই স্টেডিয়ামেই ২০২৩ সালে বর্ণবাদী আক্রমণের মুখে পড়েছিলেন তিনি।
রবিবারও প্রতিপক্ষের সঙ্গে উত্তাপ ছড়ানো মুহূর্তের জন্ম নিয়েছিল। রেফারি ভিনিকে বেশ কয়েকবার তিরস্কৃতও করেছেন। রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবা কুর্তোয়া তিনটি দারুণ সেভ করেছেন শুধু রিয়ালের অগ্রগামিতা ধরে রাখতে। কিন্তু ৫৩ মিনিটে কর্নার থেকে মুরিকির শক্তিশালী হেডের পর আর সমতা ধরে রাখা যায়নি। স্কোর ১-১ করে মায়োর্কা। শেষ দিকের যোগ হওয়া সময়ে আরও বিপদে পদে পড়ে রিয়াল। কড়া ট্যাকেল করে ফেরলান্ড মেন্ডি লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় তারা।