বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে অস্ট্রেলিয়া ব্যাটার স্টিভ স্মিথ জানিয়ে দিলেন, অবসরের কোনও ভাবনা তার নেই।
সিক্সার্সের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন ৩৫ বছর বয়সী ব্যাটার। হোম সামারে ভারতের বিপক্ষে শেষ টেস্ট ও শ্রীলঙ্কা সফরের বিরতিতে চারটি ম্যাচে তাদের জার্সি পরবেন স্মিথ।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না স্মিথ। তবে সব ফরম্যাটেই খেলা চালিয়ে যেতে চান তিনি, ‘আমার (অবসরের) কোনও ভাবনা নেই। এই মুহূর্তে আমি খেলাটা উপভোগ করছি। বেশ প্রাণবন্ত আছি এবং এই মৌসুমে খেলতে অধীর অপেক্ষায়।’
তিনি আরও বললেন, ‘আমি মনে করি এই বছর কিছু বিগ ব্যাশ লিগ ম্যাচ খেলতে পারবো। তারপর দেখা যাবে কোথায় যাই, যে কোনও সুযোগ আমি লুফে নেই।’
পাকিস্তান সিরিজ শেষে ডেভিড ওয়ার্নার টেস্ট থেকে অবসর নেওয়ার পর স্মিথ ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ওপেনিং করেছিলেন। আট ইনিংসে ২৮.২৫ গড়ে করেন ১৭১ রান, তার ক্যারিয়ার গড়ের (৫৬.৯৭) চেয়ে অনেক কম।
ভারতের বিপক্ষেও পাঁচ টেস্টের সিরিজে ওপেনিং করবেন কি না জানা নেই স্মিথের। তবে সতীর্থদের জানিয়ে রেখেছেন, টেস্ট ক্যারিয়ারের অধিকাংশ সময় ব্যাটিং করা চার নম্বরে ফিরতে চান তিনি। যদিও দলের প্রয়োজনে যে কোনও পজিশনে ব্যাটিং করতে রাজি, ‘আমি যে কোনও জায়গায় খুশি, দলের জন্য যে কোনও পজিশনে ব্যাটিং করবো। আমার জন্য এটা কেবল পজিশন।’