পাকিস্তান শাহিনসের বিপক্ষে জাকের-সাইফের সেঞ্চুরি

নজরকাড়া ইনিংস খেললেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটার জাকের আলী ও সাইফ হাসান। ইসলামাবাদ ক্লাবে বৃহস্পতিবার দ্বিতীয় চার দিনের ম্যাচের তৃতীয় দিনে দুজনেই সেঞ্চুরি করেছেন। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দুই দিনের খেলা হয়নি।

১৩৬ রানে অপরাজিত আছেন জাকের। ১১১ রান করেন সাইফ আউট হয়েছেন। দুজনের ব্যাটে বাংলাদেশ ‘এ’ দল ৯৮ ওভারে ৩৪৬ রান করেছে ৬ উইকেট হারিয়ে। 

৭৭ রানে চার উইকেট পড়ার পর দুজনে জুটি গড়েন। পঞ্চম উইকেটে ১৩১ রান যোগ করে তারা বিচ্ছিন্ন হন। মেহরান মুমতাজের দ্বিতীয় শিকার হন সাইফ। ১১১ বলের ইনিংসে ছিল ১৩ চার ও ৪ ছয়। ছয় নম্বরে ব্যাট করতে নামা জাকের ২৪৪ বলের অপরাজিত ইনিংসে ১৪ চার ও ৪ ছয় মেরেছেন।

মেহরানের অন্য শিকার শাহাদাত হোসেন দীপু (২৩)। ৭৪ রানে তৃতীয় ব্যাটার হিসেবে মাঠ ছাড়েন তিনি। আর কোনও রান যোগ না করতে আবরার আহমেদের বলে ডাক মারেন তাওহীদ হৃদয়। 

এর আগে পাকিস্তান শাহিনসের ফাস্ট বোলার গুলাম মুদাসসির দুই ওপেনার এনামুল হক বিজয় (৭) ও মোহাম্মদ নাঈমকে (৯) ফেরান। 

শুক্রবার শেষ দিনের খেলা খেলতে মাঠে নামবে দুই দল।