শ্রীলঙ্কার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনে চোট পান ইংল্যান্ডের পেসার মার্ক উড। ম্যাচের শেষ দিনে বল করতে পারেননি তিনি। স্ক্যান রিপোর্ট হাতে পেয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়ে দিলো, বাকি দুই ম্যাচে আর খেলতে পারবেন না উড। তার ইনজুরিতে লিচেস্টারশায়ারের পেসার জশ হালের কপাল খুলেছে। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।
উডের ডান পায়ের ঊরুর পেশীতে চোট ধরা পড়েছে। রবিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এক মিডিয়া রিলিজে এই খবর জানায়।
৩৪ বছর বয়সী উডের স্থলাভিষিক্ত হাল লিচেস্টারশায়ারের গুরুত্বপূর্ণ পারফর্মার। ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই পেসার তাদেরকে ২০২৩ সালে ওয়ানডে কাপ জেতাতে দারুণ ভূমিকা রাখেন। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে অভিষিক্ত হন। লঙ্কানদের প্রস্তুতি ম্যাচে বল হাতে বাজিমাত করেন তিনি। সাত উইকেটের স্বাগতিকদের জেতাতে ম্যাচে ৭৪ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। এবার জাতীয় দলের জার্সিতে লঙ্কানদের ঘাম ছুটাতে যাচ্ছেন ২০ বছর বয়সী বাঁহাতি পেসার।
প্রথম টেস্টে ইংল্যান্ড ৫ উইকেটে জিতেছে। পরের টেস্ট লর্ডসে শুরু হবে ২৯ আগস্ট থেকে। এই ম্যাচেই হয়তো অভিষেক হয়ে যাবে হালের।