৩৬ বছর বয়সেই ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে ইতি বলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল।
ওয়েস্ট ইন্ডিয়ান পেসার সোশ্যাল মিডিয়ায় অবসরের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ঠিকই খেলে যাবেন তিনি।
গ্যাব্রিয়েল ক্যারিবিয়ানদের হয়ে ম্যাচ খেলেছেন ৮৬টি। সেখানে অর্ধেকেরও বেশি ম্যাচ খেলেছেন টেস্ট অঙ্গনে। লাল বলের ক্রিকেটে সমীহ জাগানো বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।
যার টেস্ট অভিষেক ২০১২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। কিন্তু তিনি নিজেকে চেনাতে পেরেছেন ৬ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৮ সালের ওই টেস্টে ক্যারিয়ার সেরা ৬২ রানে ৮ উইকেট শিকার করেন তিনি। দুই ইনিংস মিলিয়ে নেন ১৩ উইকেট। যা কোনও ওয়েস্ট ইন্ডিয়ান বোলারের চতুর্থ সেরা বোলিং ফিগার। তার আগে রয়েছেন মাইকেল হোল্ডিং (১৪/১৪৯), কোর্টনি ওয়ালশ (১৩/৫৫) ও গুদাকেশ মোটি (১৩/৯৯)। গ্যাব্রিয়েল ১২১ রানে নেন ১৩ উইকেট।
গ্যাব্রিয়েল সর্বশেষ টেস্ট খেলেছেন ঘরের মাঠে গত বছরের জুলাই মাসে। আর শেষ টেস্ট উইকেটটি ছিল ভারতের অধিনায়ক রোহিত শর্মার।