আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলদেশ। তাও স্বাগতিকদের উড়িয়ে দিয়ে। ১০ উইকেটের ঐতিহাসিক এই জয়ের পর মানসিকভাবে দারুণ চাঙ্গা সফরকারীরা। ওই জয়ের সুখস্মৃতি সঙ্গী করে শুক্রবার সকাল ১১টায় দ্বিতীয় ও শেষ টেস্টে তারা মাঠে নামছে। একই মানসিকতা নিয়ে বাংলাদেশ দ্বিতীয় টেস্টও জিততে মুখিয়ে।

রাওয়ালপিন্ডিতে ম্যাচের আগের দিন গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় ম্যাচে নিজেদের পরিকাল্পনা নিয়ে এই কোচ বলেছেন, ‘আসলে আমরা সবসময় আক্রমণাত্মক পরিকল্পনায় যাবো। কন্ডিশনের ওপর অনেক সময় পরিকল্পনায় পরিবর্তন আসে। প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিতে তেমন কোনও পরিবর্তন আসেনি। নিজেদের শক্তির জায়গা, সীমাবদ্ধতা জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাগুলোও আমাদের জানা। পিচ, কন্ডিশন সবকিছু বিবেচনা করেই আমরা কৌশলের ব্যাপারে চিন্তা করি।’

বাংলাদেশ ব্যাটিং-বোলিংয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে। যা আগের ১৩ ম্যাচের চেয়ে অবিশ্বাস্য। আগের সবগুলো ম্যাচের মধ্যে একটিতে ড্র করতে পারলেও বাকি ১২টিতে হারই সঙ্গী ছিল। খুব স্বাভাবিক ভাবেই এমন জয়ের পর পুরো দলের মানসিক অবস্থা ভালো। হাথুরুসিংহে বলেছেন, ‘দলের মানসিক অবস্থা অনেক উঁচুতে আছে। কারণ অবশ্যই পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনও কাজ নয়। তারা অনেক ভালো দল।’

প্রথম ম্যাচের একাদশে তিন পেসারের সঙ্গে দুইজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে একাদশ সাজানো হয়েছিল। শুক্রবার শুরু হওয়া টেস্টেও একই বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামার কথা। তবে তাসকিনের ফেরার সম্ভাবনা জোড়ালো। দেশ ছাড়ার আগেই জানানো হয়েছিল তাসকিন দ্বিতীয় টেস্ট খেলবেন। তাসকিনকে খেলানো হলে বাদ পড়তে পারেন হাসান মাহমুদ। দলের কম্বিনেশন নিয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘আমরা দ্বিতীয় ম্যাচে অনেক লড়াই আশা করছি। কন্ডিশনের ওপর নির্ভর করে, পিচ দেখে দলে পরিবর্তন আনতেও পারি। কারণ, আমরা এখনও পিচ দেখতে পারিনি। আবহাওয়ায় কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে।’

দলের প্রস্তুতি নিয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘আমার কাজ হলো, দলকে সর্বোচ্চ ভালোভাবে প্রস্তুত করা। গত কয়েক মাসে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, সামনের ম্যাচের জন্যও এর ব্যতিক্রম নয়। আমরা একইরকম মনোযোগ ধরে রেখে এই ম্যাচটি খেলতে চাই।’