দ্বিতীয় দিনেই লর্ডস টেস্টের নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে

জো রুটের সেঞ্চুরির পরে গাস অ্যাটকিনসনের ইতিহাস গড়া ইনিংসে ইংল্যান্ড করে ৪২৭ রান। ব্যাটিংয়ে দাপট দেখানোর পর স্বাগতিকেরা বল হাতে আগুন ঝরায়। চার সিমারের তোপে পড়ে ১৯৬ রানে অলআউট শ্রীলঙ্কা। ২৩১ রানের লিড পেয়ে ফলো অনের সুযোগ পেয়েও ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। ১ উইকেটে ২৫ রানে শুক্রবারের খেলা শেষ করেছে তারা। ২৫৬ রানের লিড নিয়ে দুই দিনেই লর্ডস টেস্টের পুরো নিয়ন্ত্রণ হাতে নিয়েছে ইংল্যান্ড।

৭ উইকেটে ৩৫৮ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। ৭৪ রানে অপরাজিত খেলতে নেমে অ্যাটকিনসন ১০৩ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট ও প্রথম শ্রেণির সেঞ্চুরি করেন। প্রথম সেশনে ইংল্যান্ড ঘণ্টাখানেক ব্যাট করে স্কোর চারশ পার করে। ১১৫ বলে ১৪ চার ও ৪ ছয়ে ১১৮ রান করেন অ্যাটকিনসন। শেষ তিন উইকেট নিয়ে আসিথা ফার্নান্ডো ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন।

জবাব দিতে নেমে ক্রিস ওকস, অলি স্টোন্স, ম্যাথু পটস ও অ্যাটকিনসনের তোপে পড়ে শ্রীলঙ্কার টপ অর্ডার। কেবল কামিন্দু মেন্ডিস ১২০ বলে ৭৪ রানের ইনিংসে প্রতিরোধ গড়েন। ইংল্যান্ডের চার পেসার দুটি করে উইকেট নেন। শোয়েব বশির স্পিন দিয়ে ঘায়েল করেন এক উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ড্যান লরেন্স (৭) লাহিরু কুমারার শিকার হন। অলি পোপ ও বেন ডাকেট অপরাজিত ২ ও ১৫ রানে দিন শেষ করেন।