'তাসকিনের অ্যাকশন বৈধ'

বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিকবোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে আগামী ১৪ মার্চ চেন্নাই যাবেন তরুণ টাইগার পেসার তাসকিন আহমেদ। তার আগে দলের সঙ্গে থেকে সবগুলো ম্যাচই খেলবেন তিনি।আইরিশদের বিপক্ষে বৃষ্টিতে পণ্ড হওয়া ম্যাচটিতেও ছিলেন তিনি। থাকবেন ওমানের বিপেক্ষ প্রথম রাউন্ডের শেষ ম্যাচেও।

তাসকিন বোলিং অ্যাকশন পরীক্ষা সহজেই উৎরে যেতে পারবেন বলে বিশ্বাস করেন বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিক। তিনি কাছ থেকেই তাসকিনের বোলিং প্রত্যক্ষ করেন নিয়মিত। তার থেকে বেশি কিছু অন্য কারও পক্ষে বলা সম্ভব নয়!

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠার পর এমনিতেই হতাশ তাসকিন। বিষয়টি জানিয়েছেন হিথ স্ট্রিক নিজেই। তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই সে (তাসকিন) কিছুটা হতাশ। কিন্তু এই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে তাসকিন এবং আমি শতভাগ আত্মবিশ্বাসী। আমি এখানে কাজ করার শুরু থেকে এখন পর্যন্ত সব ফুটেজই দেখেছি। তার বোলিং অ্যাকশনে কোনও পরিবর্তন আসেনি। কোচিং স্টাফ এবং অন্যরাও দেখেছে। আমি তাকে সমর্থন জানাতে এমন বলছি না, সত্যিকার অর্থেই আমার বিশ্বাস সে ঠিক আছে এবং এই বিশ্বকাপে আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে।’

আইসিসির এই প্রক্রিয়াকে বিরোধিতা করে সরাসরি কিছু বলেননি হিথ স্ট্রিক। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা স্বাভাবিক প্রক্রিয়া! কোনও সমস্যা থাকলে বোলারদের এটা নিয়ে কাজ করতে হবে।’ বিষয়টি নিয়ে হতাশ হলেও আশাবাদী হিথ স্ট্রিক। তিনি বলেন, ‘চেন্নাইয়ে পরীক্ষার মাধ্যমে তাসকিন নিজেকে বৈধ প্রমাণ করবে। আমার বিশ্বাস আগের কিছু ম্যাচের দৃশ্য দেখার পর সে এখন খুশি। আশা করছি পরীক্ষা দেওয়ার মাধ্যমে সে এই অভিযোগ খণ্ডাতে পারবে।’

/আরআই/এমআর/