এই বছরের জুনে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। কয়েক মাসের ব্যবধানে একই দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি, তবে সেটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের। প্রধান কোচ হয়ে সাবেক ক্লাবে ফিরতে যাচ্ছেন দ্য ওয়াল, এমন তথ্য দিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
ক্রিকইনফো জানতে পেরেছে, সম্প্রতি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন দ্রাবিড়। আসন্ন মেগা অকশান সামনে রেখে খেলোয়াড় ধরে রাখার ব্যাপারে প্রাথমিক আলোচনাও করেছেন তিনি। রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। দ্রাবিড়ের তত্ত্বাবধানে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন তিনি।
এছাড়াও রাজস্থানের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্ক বেশ পুরোনো। ২০১২ ও ২০১৩ আইপিএলে তাদের অধিনায়ক ছিলেন। ২০১৪ ও ২০১৫ মৌসুমেও তাদের পরিচালক ও মেন্টর ছিলেন। ২০১৬ সালে দ্রাবিড় দিল্লি ডেয়ারডেভিলসে চলে যান এবং ২০১৯ সালে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হওয়ার আগ পর্যন্ত সেখানেই ছিলেন। ২০২১ সালে ভারতের প্রধান কোচ হন এবং তার তিন বছরের মেয়াদে ১১ বছরে প্রথম আইসিসি ট্রফি জেতে দল।
সাবেক ভারতীয় ব্যাটার বিক্রম রাঠোরকে দ্রাবিড়ের অন্যতম সহকারী কোচ হিসেবে নিযুক্ত করবে রাজস্থান। সাবেক ভারতীয় নির্বাচক রাঠোর এনসিএতে দ্রাবিড়ের কোচিং স্টাফ দলের অংশ ছিলেন, পরে ২০১৯ সালে ভারতের ব্যাটিং কোচ হন তিনি।
জানা গেছে, আইপিএলে দ্রাবিড় রাজস্থানের দায়িত্ব নেবেন। আর ২০২১ সাল থেকে ক্লাবটির পরিচালক হিসেবে থাকা কুমার সাঙ্গাকারা রাজস্থানের মালিকানাধীন পার্ল রয়্যালস (এসএ২০) ও বার্বাডোজ রয়্যালসের (সিপিএল) পরিচালকের দয়িত্ব নেবেন।
২০০৮ সালে উদ্বোধনী মৌসুমের চ্যাম্পিয়ন রাজস্থান ১৬ বছর ধরে ট্রফি খরায় ভুগছে। ২০২২ সালে গুজরাট টাইটান্সের বিপক্ষে ফাইনাল খেলাই ছিল এই সময়ে সেরা সাফল্য। ২০২৩ সালে তো প্লে অফও খেলতে পারেনি। দারুণ শুরু করেও লিগে পঞ্চম হয়েছিল। আর সবশেষ আসরে তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে বিদায় নেয়। ভারতকে বদলে ফেলা দ্রাবিড় এবার রাজস্থানকেও পাল্টে দিতে পারেন কিনা, সেটাই দেখার অপেক্ষা।