ভারতে যাচ্ছেন তামিমও!

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হবে ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেই দলের সফরসঙ্গী হচ্ছেন তামিম ইকবালও! যদিও খেলোয়াড় হিসেবে নন, দেশের হয়ে মাইক্রোফোন হাতে লড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে ভারত সিরিজে ধারাভাষ্য দেবেন এই ওপেনার। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র।

লম্বা সময় ধরেই তামিম ইকবাল জাতীয় দলের বাইরে। গত বছরের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন। সর্বশেষ টেস্ট খেলেছেন তারও আগে, গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে তো ২০২০ সালের মার্চের পর অবসরই নিয়ে নিয়েছেন। লম্বা বিরতিরি পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা, সেই বিষয়ে তামিম স্পষ্ট করে কিছুই বলছেন না। যদিও বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ অন্তত ২/৩ বছরের জন্য হলেও তামিমকে জাতীয় দলে দেখতে চাইছেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন আর নাইবা ফেরেন, নিজের প্রিয় জায়গাতে দ্রুতই ফিরছেন তিনি। বিভিন্ন সময়ে তামিম জানিয়েছিলেন, ক্রিকেট ছাড়ার পরে ধারাভাষ্যে আসতে চাওয়ার কথা। এরই মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং বাংলাদেশের হোম সিরিজে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতাও হয়েছে। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে কমেন্ট্রি বক্সে মাইক্রোফোন হাতে তামিমকে সর্বশেষ দেখা গিয়েছিল।  

সবকিছু ঠিক থাকলে এবারই প্রথম দেশের বাইরে কোনও আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিতে দেখা যাবে তাকে। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ১৫ সেপ্টেম্বর ভারত সফর করবে নাজমুল হোসেন শান্তর দল। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্টের সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামবে দুই দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬, ৯ ও ১২ অক্টোবর।

তামিম কয়টি ম্যাচে ধারাভাষ্য দেবেন, এর কোন কিছুই চূড়ান্ত হয়নি। ইতোমধ্যেই সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টারের সঙ্গে কথাবার্তাও অনেকটা এগিয়ে গেছে। তামিমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ‘ধারাভাষ্য দেওয়ার ক্ষেত্রে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক আলাপ শেষ হয়েছে। এখন ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তামিমকে বেশ কিছু ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে। ২/৩ দিনের মধ্যে পুরো বিষয়টি ফাইনালাইজ হয়ে যাবে।’