১২ বছর ধরে দেশের মাটিতে কখনও টেস্ট সিরিজ হারেনি ভারত। অপ্রতিরোধ্য এই দলটির সামনে দাঁড়াচ্ছে বাংলাদেশ, যারা কি না কয়েক সপ্তাহ আগে পাকিস্তান থেকে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার স্মৃতি নিয়ে ফিরেছে। ভারতের বিপক্ষে ১৩ টেস্ট খেলে কখনও সেভাবে বলার মতো কিছু করতে পারেনি। সর্বোচ্চ সাফল্য দুটি ড্র, বাকি সবগুলো হেরেছে। কিন্তু এবার খেলোয়াড়দের মানসিকতা ভিন্ন। চোখে চোখ রেখে খেলার মনোবল তাদের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, প্রতিপক্ষ কে সেটা নিয়ে না ভেবে নিজেদের শক্তিমত্তার দিকে তাকিয়ে তারা।
সিরিজের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে শান্ত বললেন, ‘আমি মনে করি প্রতিপক্ষকে নিয়ে না ভেবে আমাদের ব্যাপারে ভাবা গুরুত্বপূর্ণ। আমাদের শক্তিমত্তা কী! আমি বিশ্বাস করি এখানে ভালো ক্রিকেট খেলার সামর্থ্য আমাদের আছে। পাঁচ দিন ধরে আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি সেটা গুরুত্বপূর্ণ। প্রত্যেক আন্তর্জাতিক দল প্রতিটি ম্যাচ জিততে চায়। আমাদের লক্ষ্যও একই, আমরাও জেতার জন্য খেলবো।’
শান্ত জানালেন, দল সমন্বিত হয়ে নিজেদের পদ্ধতির দিকে মনোনিবেশ করছে। শেষ দিনের আগে ফল নিয়ে ভাবতে চান না অধিনায়ক।
শান্ত বললেন, ‘একটি ম্যাচ জিততে যা প্রয়োজন, আমরা তাই করবো। পঞ্চম দিনের শেষ সেশনে আমরা ফল নিয়ে ভাববো। তার আগে আমরা আমাদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করবো।’ তিনি যোগ করলেন, ‘পাকিস্তানে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছিলাম। কিন্তু এখন সেটা অতীত। আপনারা যেটা বললেন, ওটা আমাদের অনেক আত্মবিশ্বাস দেয়। কিন্তু আমরা এখানে নতুন সিরিজ খেলতে এসেছি এবং ড্রেসিংরুম বিশ্বাস করে এখানে ভালো ক্রিকেট খেলতে পারবো। আমরা ফল নিয়ে ভাবছি না, আমরা শুধু আমাদের প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করছি।’
তার আশা, এই সিরিজে ইতিবাচক পারফরম্যান্স করলে ভবিষ্যতে তারা আরও টেস্ট ম্যাচ খেলতে পারবে। শান্ত বললেন, ‘আমরা যদি এসব সিরিজে ভালো করতে পারি, আমি মনে করি প্রত্যেক দল আমাদের সঙ্গে আরও বেশি ম্যাচ খেলতে চাইবে। সুতরাং এটা একটা বিশাল সুযোগ। আমি আশা করি যেভাবে আমরা টেস্ট ক্রিকেট খেলছি, তাতে প্রত্যেক দল আমাদের সঙ্গে খেলতে আগ্রহী হবে।’