দীর্ঘ ২১ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে চোখ ধাঁধানো সেঞ্চুরি করলেন ঋষভ পান্ত। একই দিনে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসে তার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা কেটে গেলো। আসন্ন মেগা নিলামের আগে ২৬ বছর বয়সী উইকেটকিপার ব্যাটারকে ধরে রাখা ক্রিকেটারের তালিকায় সবার আগে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গুঞ্জন উঠেছিল, রিটেনশন (ধরে রাখা) ফি নিয়ে পান্ত ও দিল্লি ম্যানেজমেন্টের মধ্যে মতভেদ চলছিল। ভারতীয় ব্যাটারকে ছেড়ে দেওয়া হবে বলে কানাঘুষা চলছিল। বর্তমানে তার আইপিএল বেতন ১৬ কোটি রুপি।
এখনও বিসিসিআই রিটেনশন নীতিমালা ঘোষণা না করলেও দিল্লির মালিকানা গ্রুপের সূত্রে ক্রিকবাজ জানতে পেরেছে, পান্তকে রেখে দেওয়ার সিদ্ধান্ত তো হয়েছেই, একই সঙ্গে বেতনও বাড়বে। তবে সেটা নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজির ব্যাংক ব্যালান্স কত থাকে এবং বিসিসিআই রিটেনশন ফি নীতিমালার ভিত্তিতে।
প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার কারণে ২০২৩ সালের আইপিএলে খেলতে পারেননি দিল্লি। গত বছর দলটির নেতৃত্বে ছিলেন তিনি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পর আগের ছন্দ ধরে রেখেছেন পান্ত। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনেও দারুণ ফর্মে তিনি। শনিবার তো চেপুকে ১০৯ রানের চমৎকার ইনিংষ খেললেন।
২০২৪ সালে আইপিএলে ফিরে ১৩ ম্যাচে ১৫৫ স্ট্রাইক রেটে পান্ত করেছেন ৪৪৬ রান। ২০১৬ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে ৩২৮৪ রান করে এখন শীর্ষ ব্যাটার তিনি।
আরও নিশ্চিত হওয়া গেছে, বিসিসিআই পাঁচজনের বেশি খেলোয়াড়কে ধরে রাখার অনুমতি দিলে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবকে রেখে দিবে দিল্লি। বিদেশি রিটেনশন হিসেবে জেক ফ্রেসার-ম্যাকগুর্ক ও ট্রিস্টান স্টাবসকেও ধরে রাখতে চায় তারা। আনক্যাপড খেলোয়াড় হিসেবে রিটেনশনের অনুমতি মিললে ২১ বছর বয়সী কিপার-ব্যাটার অভিষেক পোড়েলকেও নিয়ে ভাববে ম্যানেজমেন্ট।